প্রগতিবার্তা ডেস্ক
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড় এসেছে। নিখোঁজ হওয়ার আগে সর্বশেষ যার সঙ্গে দেখা হয়েছিল, সেই ঘনিষ্ঠ বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাহসিফের সঙ্গে কাটানো শেষ কয়েক ঘণ্টায় কোথায় গিয়েছিলেন, কী করেছিলেন এবং কী পরিস্থিতিতে দুজন আলাদা হয়েছিলেন—এসব বিষয় জানতে দ্বীপকে জিজ্ঞাসাবাদ করছে তদন্ত সংস্থাটি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে দ্বীপকে হেফাজতে নেন পিবিআই সদস্যরা। তিনি ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ জানান, তাহসিফ ও দ্বীপ একসঙ্গে ছিলেন। তাঁরা কোথায় কোথায় গিয়েছিলেন, সে বিষয়ে দ্বীপের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তথ্য সংগ্রহ ও যাচাইয়ের অংশ হিসেবেই তাঁকে পিবিআই ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে নেওয়া হয়েছে।
পরিবারের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকার বাসা থেকে বের হন ২৮ বছর বয়সী তাহসিফ। যাওয়ার আগে মাকে বলেছিলেন, ‘দ্বীপ আসছে, ওর সঙ্গে কথা বলে আসি।’ এরপর দ্বীপের সঙ্গে দেখা করতে বাসা থেকে বের হন তিনি।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৬টা ২৪ মিনিটের দিকে দ্বীপ মোটরসাইকেল নিয়ে তাহসিফের বাসার নিচে আসেন। কিছুক্ষণ পর তাহসিফ নিচে নেমে তাঁর সঙ্গে দেখা করেন। সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে দুজনকে আলাদা দুটি মোটরসাইকেলে করে বাসা এলাকা ছাড়তে দেখা যায়।
এরপর তাঁদের একসঙ্গে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা সময় কাটানোর তথ্য সামনে আসে। তবে ওই সময় তাঁরা কোথায় কোথায় গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত কী ঘটেছিল, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
তাহসিফের সঙ্গে শেষ সময় কাটানো নিয়ে দ্বীপ এর আগে জানিয়েছিলেন, তাঁরা একটি ওয়ার্কশপে গিয়েছিলেন। সেখানে মোটরসাইকেল মেরামতের পর একটি রেস্তোরাঁয় গিয়ে একসঙ্গে রাতের খাবার খান। পরে খাবার শেষে বের হয়ে তাহসিফ নিজের একটি কাজে চলে যান এবং তিনি বাড়িতে ফিরে আসেন বলে দাবি করেন দ্বীপ।
দ্বীপের ভাষ্য অনুযায়ী, ঘটনার আগের রাতে তাহসিফকে স্বাভাবিক ও হাসিখুশি দেখেছিলেন তিনি। তবে তাঁর এই বক্তব্যসহ পুরো সময়ের গতিবিধি এখন যাচাই করছে পিবিআই।
তাহসিফ নিখোঁজ হওয়ার পরদিন বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরখান এলাকার তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নৌ-পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ নদে মরদেহ ভাসতে থাকার খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সুরতহাল প্রতিবেদনে তাহসিফের শরীরে দৃশ্যমান কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। তাঁর পকেটে একটি আইফোন ও সঙ্গে থাকা কিছু জিনিসপত্রও পাওয়া যায়। তবে শুধু সুরতাল প্রতিবেদন দিয়ে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা সম্ভব নয়; এ জন্য ময়নাতদন্তের ফল গুরুত্বপূর্ণ।
তদন্তের মধ্যে শুক্রবার (৩০ অক্টোবর) তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে আনুমানিক ৫০ গজ দূরে একটি মোটরসাইকেলের সন্ধান পাওয়া গেছে। পিবিআই জানিয়েছে, মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে। নিখোঁজ হওয়ার সময় তিনি নিজের মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল।
তাহসিফের সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার হলেও তাঁর মোটরসাইকেলটির সন্ধান না পাওয়ায় বিষয়টি তদন্তে গুরুত্ব পাচ্ছে।
তাহসিফ কেন বাসা থেকে বের হয়েছিলেন, দ্বীপের সঙ্গে কোথায় কোথায় গিয়েছিলেন, রাতের খাবারের পর তাঁদের মধ্যে কী ঘটেছিল এবং কীভাবে তাঁর মরদেহ তুরাগ নদে পৌঁছাল—এসব প্রশ্নের উত্তর খুঁজছে পিবিআই।
দ্বীপকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পাশাপাশি সিসিটিভি ফুটেজ, বিভিন্ন স্থানে তাঁদের যাতায়াতের তথ্য এবং উদ্ধার হওয়া মোটরসাইকেলটি যাচাই করা হচ্ছে।
তাহসিফের মৃত্যুকে ঘিরে তৈরি হওয়া রহস্যের জট খুলতে এখন তদন্তকারীদের নজর তাঁর নিখোঁজ হওয়ার আগের শেষ কয়েক ঘণ্টার ঘটনাপ্রবাহের দিকে।

একটি মন্তব্য পোস্ট করুন