মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি:
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনসহ নানা স্থানে 'লগি বৈঠার তান্ডব' ও দেশের বিভিন্ন স্থানে সংঘটিত রাজনৈতিক সহিংসতার স্মরণে জামালপুরের মেলান্দহে পোস্টার ক্যাম্পেইন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেলান্দহ উপজেলা শাখা।
সোমবার (২৭ অক্টোবর) উপজেলা শাখার উদ্যোগে মেলান্দহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলামের নেতৃত্বে সংগঠনটির সাথী ও কর্মীরা এতে অংশ নেন। এ সময় তারা মেলান্দহ শহর এর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ‘পল্টন ট্র্যাজেডি’ দিবস স্মরণে পোস্টার সাঁটান।
২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি আলোচিত ও রক্তক্ষয়ী দিন। তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তীব্র হয়ে ওঠে।
তৎকালীন প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার বিরোধিতা করেছিল। দলটির অভিযোগ ছিল, বিএনপির সঙ্গে তাঁর অতীত সংশ্লিষ্টতার কারণে তিনি নিরপেক্ষ ভূমিকা রাখতে পারবেন না। অন্যদিকে, ক্ষমতা হস্তান্তর ও নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ায় সংকট আরও গভীর হয়।
এরই ধারাবাহিকতায় ২৮ অক্টোবর রাজধানীর পল্টন, বায়তুল মোকাররম এলাকা, শাহবাগ, মিরপুর ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থানে ততকালীন বিরোধী দল আওয়ামী লীগ এর নেতাকর্মীরা 'লগি বৈঠা' সহ নানা অস্ত্র নিয়ে চার দলীয় জোটের রাজনৈতিক কর্মীদের উপর হামলা চালালে, সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় হতাহতের পাশাপাশি বহু মানুষ আহত হন। সমসাময়িক সংবাদ সুত্র ও বিশস্ত সুত্রের প্রতিবেদনেও ওই দিনের সংঘর্ষ ও প্রাণহানির তথ্য উঠে আসে। তবে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্নতা রয়েছে।
দিনটি বিশেষভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের স্মরণ কর্মসূচিতে ‘পল্টন ট্র্যাজেডি’ ও 'লগি বৈঠার তান্ডব' হিসেবে পরিচিত।
২০০৬ সালের ওই ঘটনার স্মরণে মেলান্দহ উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত পোস্টার ক্যাম্পেইনে সংগঠনের সাথী ও কর্মীরা অংশ নেন। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও এলাকায় পোস্টার সাঁটানোর মধ্য দিয়ে তারা দিবসটি স্মরণ করেন এবং উপযুক্ত বিচার নিশ্চিত এর দাবী জানান।

একটি মন্তব্য পোস্ট করুন