ডেস্ক রিপোর্টঃ
জাপান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত শুরু করেছে বিমান কর্তৃপক্ষ। ত্রুটির প্রকৃত কারণ উদ্ঘাটন, সংশ্লিষ্টদের দায়িত্বে কোনো অবহেলা ছিল কি না এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে করণীয় নির্ধারণে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়। কমিটিকে আগামী চার কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং সদস্যসচিব হিসেবে ব্যবস্থাপক (আইনবিষয়ক)।
তদন্ত কমিটিকে উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির প্রকৃত কারণ ও ধরন শনাক্ত করতে বলা হয়েছে। পাশাপাশি ত্রুটি দেখা দেওয়ার পর উড়োজাহাজটির উড্ডয়ন উপযোগিতা নিশ্চিত করতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা পর্যালোচনা করবে কমিটি।
এ ঘটনায় ফ্লাইটের বিলম্ব, যাত্রীদের ভোগান্তি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর কী ধরনের প্রভাব পড়েছে, সেটিও তদন্তের আওতায় রাখা হয়েছে। সংশ্লিষ্ট কারও দায়িত্বে অবহেলা কিংবা প্রক্রিয়াগত ত্রুটি ছিল কি না, তা যাচাই করে দায়দায়িত্ব নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে রওনা হওয়ার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৭ ফ্লাইটটির। নির্ধারিত সময় অনুযায়ী স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় উড়োজাহাজটির ছেড়ে যাওয়ার কথা ছিল।
কিন্তু রানওয়ের দিকে যাওয়ার সময় উড়োজাহাজটির স্পয়লার ব্যবস্থায় ত্রুটি ধরা পড়ে। এ কারণে উড্ডয়ন বন্ধ রেখে উড়োজাহাজটি আবার পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়। পরে প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা উড়োজাহাজ থেকে নেমে অপেক্ষা করেন। ত্রুটি নিরসনে বিমানের প্রকৌশলীদের পাশাপাশি জাপানি প্রযুক্তিবিদরাও কাজ করেন।
বিমান কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, উড়োজাহাজটির হাইড্রোলিক স্পয়লার নম্বর-১-এ ত্রুটি দেখা দিয়েছিল। প্রকৌশলীরা ত্রুটিপূর্ণ স্পয়লারটি নিষ্ক্রিয় করে প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা নেওয়ার পর উড়োজাহাজটির যাত্রার অনুমতি দেওয়া হয়।
প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর বৃহস্পতিবার রাত ১০টা ৫৫ মিনিটে জাপানের স্থানীয় সময় অনুযায়ী উড়োজাহাজটি নারিতা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বাংলাদেশ সময় রাত ৭টা ৫৫ মিনিটে উড়োজাহাজটির উড্ডয়নের কথা জানায় বিমান কর্তৃপক্ষ।
পরে শুক্রবার (৩০ অক্টোবর) রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
উড়োজাহাজের প্রাক্-উড্ডয়ন পরীক্ষায় কোনো ত্রুটি ধরা পড়েছিল কি না, যাত্রা শুরুর পর কীভাবে সমস্যাটি শনাক্ত হলো এবং ত্রুটি দেখা দেওয়ার পর নেওয়া কারিগরি ব্যবস্থা যথাযথ ছিল কি না—এসব বিষয় তদন্তে গুরুত্ব পেতে পারে।
পাশাপাশি উড়োজাহাজটির ত্রুটি নিরসন ও পুনরায় উড্ডয়নের আগে নিরাপত্তাসংক্রান্ত সব শর্ত যথাযথভাবে পূরণ করা হয়েছিল কি না, সেটিও যাচাই করা হবে।
চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ পাওয়ায় তদন্ত কমিটিকে দ্রুত এসব বিষয় পর্যালোচনা করে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন দিতে হবে।
তদন্তে কোনো অনিয়ম, দায়িত্বে অবহেলা কিংবা প্রক্রিয়াগত ত্রুটি পাওয়া গেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে কমিটি। একই সঙ্গে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বহনকারীসহ বিমানের নিয়মিত ফ্লাইটে এ ধরনের যান্ত্রিক জটিলতা মোকাবিলায় প্রয়োজনীয় সুপারিশও দেওয়ার কথা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন