প্রগতি বার্তা
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

মেলান্দহে হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ।

মেলান্দহের মুসলিম নগর এলাকায় হামলা ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ করেছেন আব্দুল মালেক


 

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মুসলিম নগর এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে মারধর, প্রাণনাশের হুমকি ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে মো. মনির হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুল মালেক মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

অভিযোগকারী আব্দুল মালেক মুসলিম নগর এলাকার বাসিন্দা। তিনি মো. সোনাহার আলীর ছেলে।  অভিযুক্ত মনির হোসেন একই এলাকার তারা শেখের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল মালেক কাজের প্রয়োজনে অনেক সময় রাতে বাড়ি ফেরেন। এ সুযোগে অভিযুক্ত মনির হোসেন বিভিন্ন সময় তাঁকে প্রাণনাশের হুমকি, সম্পত্তি জোরপূর্বক দখলের ভয় দেখানো এবং নগদ অর্থসহ কেড়ে নেওয়ার বিষয়ে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

অভিযোগে আরও বলা হয়, গত ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার সকাল ১০টার দিকে আব্দুল মালেককে বাড়িতে একা পেয়ে তাঁর ও পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় তাঁকে এলাকা থেকে উচ্ছেদ করার হুমকি দেওয়া হয়। পাশাপাশি তাঁর স্ত্রী ও সন্তানের ওপর লাঠি দিয়ে আঘাত করা এবং ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগও করা হয়েছে। একপর্যায়ে তার স্ত্রীকে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, হামলার সময় পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। এ ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, মনির হোসেনের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা রয়েছে। তাঁদের অভিযোগ, রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে তিনি এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।

ভুক্তভোগী আব্দুল মালেক ঘটনার পর মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়টি থানা থেকে নিশ্চিত করা হয়েছে বলে ভুক্তভোগীর পক্ষ থেকে জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

এলাকাবাসীর ভাষ্য, আব্দুল মালেক একজন সাধারণ নিরীহ মানুষ । তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী আব্দুল মালেকও নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক