মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিরাজদিখান থানার খাস মহল বালুচর এলাকায় মাদীনাতুল কওমী মাদ্রাসার সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সৈয়দ জামাল হোসেন (৩১)। তিনি সিরাজদিখান উপজেলার চর সাংহারদি এলাকার বাসিন্দা। তার বাবার নাম সৈয়দ আক্তার হোসেন।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেলের পাঠানো তথ্য অনুযায়ী, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে খাস মহল বালুচর এলাকায় অভিযান চালান।
এ সময় সন্দেহভাজন অবস্থায় সৈয়দ জামাল হোসেনকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এসব অপরাধের বিরুদ্ধে অভিযান আরও কঠোর করা হবে বলেও জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন