জামালপুর প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নে পুকুরের কচুরিপানার নিচে লুকিয়ে রাখা বিভিন্ন ব্র্যান্ডের ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল মালেক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে পাররামরামপুর ইউনিয়নের একটি পুকুরে অভিযান চালানো হয়। এ সময় পুকুরের কচুরিপানার নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদের বোতল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে ৩৩ বোতল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ২৩ বোতল হুইস্কিসহ মোট ৮৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ।
অভিযানকালে ঘটনাস্থল থেকে আব্দুল মালেক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই মদের চালানের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। পুলিশ বলছে, সীমান্তবর্তী এলাকায় মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে নজরদারি এবং অভিযান আরও জোরদার করা হয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন