নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের পাঁচ দিন পর গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে ক্লোজ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ডিএমপি সদর দপ্তরের প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। আদেশে তার ক্লোজের কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর পূর্বাহ্ন থেকে মো. দাউদ হোসেনকে গুলশান মডেল থানার দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।
এর আগে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশান-১ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন একটি গলিতে প্রায় ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধারের কথা জানায় পুলিশ।
ঘটনার পর গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় মিছিলের সঙ্গে সংশ্লিষ্টতা ও ককটেল বহনের অভিযোগ আনা হয়েছে। পরবর্তী সময়ে ওই মামলায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবং আদালত তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড ও কারাগারে পাঠানোর আদেশ দেন।
মিছিলের দিন গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন জানিয়েছিলেন, পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে তাদের পক্ষ থেকে ককটেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে এবং পরে দুজনকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার পাঁচ দিন পর বুধবার তাকে গুলশান থানার দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তরের প্রশাসন বিভাগে সংযুক্ত করা হলো।
তবে ডিএমপির অফিস আদেশে তাকে ক্লোজ করার নির্দিষ্ট কারণ হিসেবে গুলশানের মিছিল বা ওই দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করা হয়নি। সেখানে শুধু ‘প্রশাসনিক কারণে’ তাকে সংযুক্ত করার কথা বলা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন