ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল ও পদোন্নতি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের ৬ অতিরিক্ত আইজিপি ও ৫ ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি, পদোন্নতি ও নতুন পদে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপন দুটি জারি করা হয়। এতে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষর করেছেন। প্রজ্ঞাপনে এসব আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
প্রথম প্রজ্ঞাপনে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মো. সায়েদুর রহমানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।
ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেনকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। একইভাবে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে বিশেষ শাখা (এসবি)-তে দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে কামরুল আহসান এসবির প্রধানের দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মো. মাইনুল হাসানকে রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) হিসেবে পদায়ন করা হয়েছে।
বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমীনকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। আর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।
দ্বিতীয় প্রজ্ঞাপনে ডিআইজি পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) পদে পদায়ন করা হয়েছে।
বিশেষ শাখার ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, মাস র্যাপিড ট্রানজিট (মেট্রোরেল)-এর ডিআইজি সিদ্দীকী তানজিলুর রহমানকে বিশেষ শাখার ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ বাহিনীর উচ্চপর্যায়ের এসব পদোন্নতি, বদলি ও পদায়নের আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
এ রদবদলের ফলে পুলিশ অধিদপ্তর, বিশেষ শাখা (এসবি), ঢাকা ও খুলনা রেঞ্জ, ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ পুলিশ একাডেমি এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ গুরুত্বপূর্ণ ইউনিটের নেতৃত্বে পরিবর্তন এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন