খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীতে চুরির অপবাদে আজমল ওরফে আযম (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হরিণটানা থানার ইসলামনগর মসজিদ গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আজমল চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবের ছেলে। পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের বিপরীত গলিতে আকিবের বাড়ির পঞ্চম তলার একটি মেসে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। কয়েকটি প্রতিবেদনে তাকে নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার গভীর রাতে কয়েকজন যুবক আজমলকে চুরির অপবাদ দিয়ে মারধর করেন। একপর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে ঘটনার প্রকৃত কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। হাসপাতাল সূত্রের বরাতে কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, আজমলকে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিরা নিজেদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেন। তাদের দাবি ছিল, চুরির অভিযোগে আটক হওয়ার পর পালানোর সময় তিনি একটি ভবনের ওপর থেকে লাফ দিয়ে আহত হন। তবে হাসপাতাল সূত্রে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়ার কথাও বলা হয়েছে।
এ ছাড়া কয়েকটি সুত্র থেকে, তার মাথার চুল কেটে দেওয়ার কথা তথ্য পাওয়া গিয়েছে। এসব তথ্যের কারণে তাকে মারধর বা শারীরিক নির্যাতন করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, গভীর রাতে কয়েকজন যুবক আজমলকে চুরির অপবাদ দিয়ে মারধর করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাত দেড়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনাটি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও গুঞ্জন রয়েছে। বিষয়টি তদন্তে পুলিশের একটি দল ঘটনাস্থলে কাজ করছে এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে এখনো বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে থানা পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন