রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ-মুন্সিরটেক এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মুন্সিরটেক এলাকায় একটি অফিসের সামনে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
আহতরা হলেন—চা দোকানি আলমগীর (৩৩), সিয়াম (১৮) ও পথচারী আশা আক্তার (২০)। তাদের মধ্যে সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশা আক্তারের ডান পায়ে গুলি লেগেছে।
আহত সিয়াম জানান, তিনি যাত্রাবাড়ী এলাকায় একটি হোটেলে কাজ করেন। সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকায় ফুফার চায়ের দোকানে এসেছিলেন। হঠাৎ রাস্তায় মারামারি শুরু হলে তিনি দোকানের শাটার বন্ধ করতে যান। এ সময় একটি গুলি এসে তার বুকের বাম পাশে কাঁধের কাছে লাগে।
চা দোকানি আলমগীরের স্ত্রী জানান, গোলাগুলির সময় তার স্বামী দোকানের ভেতরে ছিলেন। এ সময় তার মাথায় গুলি লাগে।
অন্যদিকে আশা আক্তার ওই এলাকার বাসিন্দা। সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় গোলাগুলির মধ্যে পড়ে তার ডান পায়ে গুলি লাগে। কারা গুলি চালিয়েছে, তা তিনি জানাতে পারেননি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গেন্ডারিয়া থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ গোলাগুলির ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।
ঘটনার পর স্বামীবাগ-মুন্সিরটেক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন