স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ (Slavko Vinčić)। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই নিয়োগের ঘোষণা দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচে বাঁশি বাজাবেন ৪৬ বছর বয়সী এই রেফারি।
ফিফার এই সিদ্ধান্তের মাধ্যমে স্লাভকো ভিনচিচ প্রথম স্লোভেনিয়ান রেফারি হিসেবে বিশ্বকাপ ফাইনাল পরিচালনার গৌরব অর্জন করতে যাচ্ছেন। আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের অভিজ্ঞতা, ধারাবাহিক পারফরম্যান্স এবং গুরুত্বপূর্ণ ম্যাচ সফলভাবে পরিচালনার দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ভিনচিচ ২০২৬ বিশ্বকাপে ইতোমধ্যে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন। টুর্নামেন্টে তার সিদ্ধান্ত গ্রহণ, ম্যাচ নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বজায় রাখার দক্ষতা ফিফার টেকনিক্যাল কমিটির প্রশংসা অর্জন করেছে। এর আগে তিনি ব্রাজিল–মরক্কো, আলজেরিয়া–জর্ডান এবং মেক্সিকো–ইকুয়েডর ম্যাচেও দায়িত্ব পালন করেন।বিশ্বকাপের বাইরেও ইউরোপীয় ফুটবলে ভিনচিচের অভিজ্ঞতা সমৃদ্ধ। তিনি ২০২৩-২৪ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালসহ উয়েফা ইউরোপা লিগের ফাইনাল এবং ইউরোপের বিভিন্ন বড় আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। ফলে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল ম্যাচের দায়িত্ব তার হাতে তুলে দেওয়াকে স্বাভাবিক সিদ্ধান্ত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
ফিফার ঘোষণায় জানানো হয়েছে, ভিনচিচকে সহায়তা করবেন তার স্বদেশী সহকারী রেফারি টোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন জর্ডানের আধহাম মাখাদমেহ। আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপীয় শক্তি স্পেন শিরোপার জন্য লড়বে। কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর থাকবে এই ম্যাচের দিকে, আর সেই মহারণে নিরপেক্ষ ও সুষ্ঠু পরিচালনার দায়িত্ব থাকবে স্লাভকো ভিনচিচের কাঁধে।

0 মন্তব্যসমূহ