গণভোটের 'গণরায় ও জুলাই সনদ' বাস্তবায়নের দাবিতে জামালপুরে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল।

ইসলামী ছাত্রশিবির জামালপুর জেলা শাখা

জামালপুর প্রতিনিধি: গণভোটের গণরায় এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জামালপুর জেলা শাখা। শুক্রবার (১৭ জুলাই) জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গণভোটের গণরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তা বাস্তবায়নের পাশাপাশি জুলাই সনদ দ্রুত কার্যকর করার আহ্বান জানান। তারা বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হলে গণরায়ের যথাযথ মূল্যায়ন এবং জুলাই সনদের বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জামালপুর জেলা শাখার সভাপতি আসাদুল ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই সময়ের দাবি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গণভোটের গণরায় এবং জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন জামালপুর জেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক সামছুদ্দিন সুলাইমান, অফিস সম্পাদক আবু সাইম, সাবেক জেলা সভাপতি আল ইমরান সুজন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান। বক্তারা বলেন, জুলাই আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের আত্মত্যাগের মাধ্যমে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নের জন্য জাতীয় ঐক্য ও গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো জরুরি। তারা দাবি করেন, জনগণের মতামত ও গণরায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ থানা ছাত্রশিবিরের সভাপতি শাব্বির রহমান, ইসলামপুর থানা সভাপতি  মো: জিহাদ, শহর সভাপতি আবু রায়হান, মেলান্দহ থানা সভাপতি আরিফুল ইসলাম, মাদারগঞ্জ থানা সভাপতি রমজান আলী, বকশীগঞ্জ থানা সভাপতি রেজাউল ইসলাম, সদর থানা সভাপতি মো. শান্তসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশ শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন এবং গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ