শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পুলিশের মুখোমুখি শিক্ষার্থীরা, শিক্ষা বোর্ডমুখী মিছিলে বাধা।

শিক্ষাবোর্ড অভিমুখে শিক্ষার্থীরা
ডেস্ক রিপোর্ট 
 রাজধানীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি পালন শেষে তারা মিছিল নিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দিকে রওনা হলে পথে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ। এছাড়া সাম্প্রতিক পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নে ভুল এবং পরীক্ষা ব্যবস্থাপনায় নানা অনিয়মের অভিযোগ তুলে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।দুপুর থেকে সায়েন্স ল্যাব এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়কে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং আশপাশের সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শিক্ষা বোর্ডের উদ্দেশে মিছিল বের করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় পুলিশ তাদের অগ্রযাত্রা আটকে দেয়।

পুলিশি বাধার মুখেও শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যান এবং তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পরে তারা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে শিক্ষাব্যবস্থার সংস্কার, পরীক্ষা ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পুনরায় স্লোগান দেন। এদিকে একই দাবিতে রাজধানীর বাইরে বগুড়া, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায়ও শিক্ষার্থীরা বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনদুর্ভোগ কমাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে বড় ধরনের সংঘর্ষ বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ