ডেস্ক রিপোর্ট: সরকারি ব্যয়ে লাগাম টানতে এবং রাষ্ট্রীয় অর্থের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে নতুন পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এতে সরকারি অর্থে নতুন গাড়ি কেনা, সরকারি খরচে বিদেশ সফর এবং কর্মকর্তাদের বিশেষ ঋণে গাড়ি কেনার সুবিধা আপাতত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ বিভাগের জারি করা পরিপত্রে বলা হয়েছে, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সরকারি ব্যয় আরও নিয়ন্ত্রিত ও পরিকল্পিতভাবে পরিচালনা করতে হবে। এ কারণে উন্নয়ন ও পরিচালন বাজেট থেকে নতুন মোটরযান, জলযান ও আকাশযান কেনা আপাতত বন্ধ থাকবে। এছাড়া সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা ও সম্মেলনে অংশগ্রহণের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে জাতীয় স্বার্থ, জরুরি রাষ্ট্রীয় প্রয়োজন বা আন্তর্জাতিক বাধ্যবাধকতার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিদেশ সফরের সুযোগ থাকবে।
পরিপত্রে আরও বলা হয়েছে, পরিচালন বাজেট থেকে নতুন ভবন নির্মাণ, অপ্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং অন্যান্য অনাবশ্যক ব্যয়ও সীমিত রাখতে হবে। সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও করপোরেশনগুলোকে এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের মতে, সরকারি অর্থের অপচয় রোধ, ব্যয় সাশ্রয় এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পে প্রয়োজনীয় ব্যয় অব্যাহত রেখে অপ্রয়োজনীয় খাতে অর্থ ব্যয় কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন পরিপত্র কার্যকর হওয়ার পর সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি প্রতিষ্ঠানে ব্যয় ব্যবস্থাপনায় আরও সতর্কতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

0 মন্তব্যসমূহ