২৪ ঘণ্টায় দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধস, ভরিতে কমল ২ হাজার ২১৬ টাকা।

দেশের স্বর্নের বাজার

অর্থনীতি ডেস্ক: মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পরিবর্তন এসেছে। একদিন আগে দাম বাড়ানোর পর এবার সব ধরনের স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমেছে। বুধবার (৩০ জুলাই) থেকে নতুন এ দাম সারা দেশে কার্যকর হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ-সংক্রান্ত স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের পরিবর্তন এবং স্থানীয় বাজার পরিস্থিতি পর্যালোচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা, যা আগের দামের তুলনায় ২ হাজার ২১৬ টাকা কম। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্বর্ণের এই দাম শুধু ধাতুর মূল্য। এর সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং গহনার ডিজাইন ও মানভেদে মেকিং চার্জ যুক্ত হবে। ফলে ক্রেতাদের গহনা কিনতে ঘোষিত দামের চেয়ে কিছুটা বেশি অর্থ পরিশোধ করতে হবে।

উল্লেখ্য, এর মাত্র একদিন আগে বাজুস সব ধরনের স্বর্ণের দাম বাড়িয়েছিল। তবে আন্তর্জাতিক বাজারে দামের নিম্নমুখী প্রবণতা এবং স্থানীয় বাজারের পরিস্থিতি বিবেচনায় ২৪ ঘণ্টার মধ্যেই আবার মূল্য কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশের বাজারে স্বর্ণের দাম বহুবার সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য, ডলারের বিনিময় হার এবং স্থানীয় চাহিদা-সরবরাহের ওপর ভিত্তি করেই সময়ে সময়েই নতুন দাম নির্ধারণ করা হচ্ছে। ফলে স্বর্ণের বাজারে মূল্য ওঠানামার ধারা অব্যাহত রয়েছে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ