প্রগতি বার্তা
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি।

মিরপুর-১০ এলাকায় ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের উপস্থিতি।

 ডেস্ক রিপোর্ট:

রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

শ্রমিকদের বিক্ষোভের কারণে মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, অফিসগামী মানুষ ও বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ এলাকায় জড়ো হতে শুরু করেন। একপর্যায়ে তাঁরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। তাঁদের দাবি, বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

সকাল গড়িয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনে শ্রমিকদের অংশগ্রহণ বাড়তে থাকে। মিরপুরের বিভিন্ন এলাকা থেকে শ্রমিকেরা এসে বিক্ষোভে যোগ দেন। এতে মিরপুর-১০ নম্বর গোলচত্বর দিয়ে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ট্রাফিক পুলিশ বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করার চেষ্টা করে।

বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনরত শ্রমিকদের একটি অংশ পুলিশের সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, সকাল থেকেই মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

এদিকে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবির মধ্যে নতুন মজুরি নির্ধারণে উদ্যোগ নিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে রোববার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করা হবে।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে পোশাকশিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। দীর্ঘ আলোচনার পর নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তের কথা জানান তিনি। বোর্ড গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই নতুন করে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়েও মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী ৭ নভেম্বরের মধ্যে বেতন পরিশোধের বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।


পোশাক শ্রমিকরা, দীর্ঘ সময় কাজ করেও প্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এ কারণে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছেন তাঁরা।

অন্যদিকে, শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে দেশের তৈরি পোশাকশিল্পেও। ৩১ অক্টোবর মিরপুরের পাশাপাশি সাভারের আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলেও শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিক অসন্তোষের কারণে মিরপুরের প্রায় সব পোশাক কারখানা এবং আশুলিয়া ও গাজীপুরের বেশ কিছু কারখানায় উৎপাদন বন্ধ রাখতে হয়।

সব মিলিয়ে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের আন্দোলন নতুন করে উত্তেজনা তৈরি করেছে তৈরি পোশাকশিল্পে। সরকারের মজুরি বোর্ড গঠনের ঘোষণা এবং পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন শ্রমিক ও শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা। 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক