ডেস্ক রিপোর্টঃ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা, বিশৃঙ্খলা সৃষ্টি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।
রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
এর আগে একই মামলায় নিম্ন আদালতে একাধিকবার জামিন চেয়ে ব্যর্থ হন আখতারুজ্জামান। গত ২৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫ তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে ৪ অক্টোবর এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
মামলার সূত্রপাত গত ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাগেজ ও ট্রলি ব্যবস্থাপনাকে কেন্দ্র করে। মামলার এজাহার অনুযায়ী, সেদিন জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে ঢাকায় ফেরেন। তাঁদের বহনকারী ফ্লাইটটি সকাল ৮টা ৫৫ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে।
ইমিগ্রেশন শেষে যাত্রীরা লাগেজ সংগ্রহের জন্য আট নম্বর বেল্ট এলাকায় গেলে অতিরিক্ত যাত্রীর চাপের কারণে ট্রলি সংকট ও দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। এ সময় কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম না মেনে ট্রলি নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পাশাপাশি লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে কয়েকজন যাত্রীর সঙ্গে বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
এজাহারে আরও অভিযোগ করা হয়, একপর্যায়ে সরকারি কাজে বাধা দেওয়া এবং দায়িত্ব পালনরত নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে অসদাচরণ ও তাঁকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এসব অভিযোগের ভিত্তিতে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব ২ অক্টোবর বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।
মামলার পরদিন ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাঁকে গ্রেফতার করে। পরে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শেষে ৪ অক্টোবর তাঁকে কারাগারে পাঠানো হয়। এরপর নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। অবশেষে রোববার উচ্চ আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
হাইকোর্টের এই আদেশের মধ্য দিয়ে বিমানবন্দরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় তাঁর জামিন পাওয়ার পথ তৈরি হলো। তবে জামিনের আদেশ পেলেই মামলার নিষ্পত্তি হয়ে যায় না; মামলার পরবর্তী আইনি কার্যক্রম চলমান থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন