ডেস্ক রিপোর্টঃ নরসিংদী সদর উপজেলার চৌয়ালা এলাকায় দীর্ঘদিনের বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বাবু ওরফে শহীদুল্লাহ (২৬) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে চৌয়ালা এলাকার লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত বাবু ওরফে শহীদুল্লাহ চৌয়ালা এলাকার আবদুল কাদেরের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার বিকেলে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের একপর্যায়ে বাবু ওরফে শহীদুল্লাহ বুকের বাম পাশে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয় এবং ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়।
এ ঘটনায় নিহতের ভাই রুবেল (৩০) ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। একই ঘটনায় অপর পক্ষের মিরাজ (২০)ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। মিরাজ জাকিরের ছেলে এবং চৌয়ালা পল্লী বিদ্যুৎ সংলগ্ন হবি কমিশনারের বাড়ির বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহত রুবেল ও মিরাজকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে মিরাজের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে।
ঘটনার পর চৌয়ালা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নরসিংদী জেলা পুলিশ তৎপর রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন