আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল সরবরাহ কিছুটা বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। একই সঙ্গে জরুরি মজুত থেকে অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জি-৭ দেশগুলো। এতে বিশ্ববাজারে সরবরাহ সংকট নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ কিছুটা কমেছে।
সোমবার (৫ অক্টোবর) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম কমে প্রতি ব্যারেল ১০১ ডলারের কাছাকাছি অবস্থান করছে। গ্রিনিচ মান সময় রাত ২টা ৪০ মিনিটে ব্রেন্ট ফিউচারের দাম ৬৬ সেন্ট বা শূন্য দশমিক ৬৫ শতাংশ কমে ১০১ দশমিক ৫৯ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৯৫ সেন্ট বা ১ দশমিক ০৩ শতাংশ কমে ৯০ দশমিক ১২ ডলারে দাঁড়ায়।
আন্তর্জাতিক সূত্রগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ব্রেন্টের দাম যে পরিমাণ বেড়েছিল, সোমবারের দরপতনে তার বড় একটি অংশ কমে গেছে। অন্যদিকে আগের সপ্তাহে ডব্লিউটিআইয়ের দামও ১ দশমিক ৬ শতাংশ কমেছিল।
তেলের বাজারে দাম কমার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি বৃদ্ধি। জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ সপ্তাহের সাত দিনের মধ্যে চার দিন মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি যুদ্ধ শুরুর আগের মাত্রাকেও ছাড়িয়ে যায়। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা চললেও রপ্তানি প্রবাহে এই বৃদ্ধি বাজারে কিছুটা স্বস্তি দিয়েছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে জি-৭ দেশগুলোর জরুরি মজুত থেকে মোট ১০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত। শুক্রবারের বৈঠকে নেওয়া এ সিদ্ধান্তের ফলে আগামী সময়ে আন্তর্জাতিক বাজারে আরও জ্বালানি সরবরাহ যোগ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে জি-৭ দেশগুলো জ্বালানি রপ্তানিতে নতুন করে বিধিনিষেধ আরোপ না করার বিষয়ে সম্মত হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বাড়া এবং জি-৭-এর কৌশলগত মজুত থেকে জ্বালানি ছাড়ার সিদ্ধান্ত—দুই বিষয়ই আপাতত বাজারের সরবরাহ ঘাটতির আশঙ্কা কমিয়েছে।
কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে বলেন, কৌশলগত মজুত থেকে তেল ছাড়ার জি-৭-এর সিদ্ধান্ত এবং সৌদি আরবের তেল রপ্তানি যুদ্ধের আগের মাত্রার দিকে ফিরে আসার সম্ভাবনা বাজারের তাৎক্ষণিক সরবরাহ উদ্বেগ কমিয়েছে। তবে এসব তেল পরিবহনে এখনো বেশি খরচ হচ্ছে এবং আগের তুলনায় কম কার্যকর পথ ব্যবহার করতে হচ্ছে।
তবে বাজারে স্বস্তি এলেও ঝুঁকি পুরোপুরি কাটেনি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস অবকাঠামো আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি আন্তর্জাতিক তেলবাজারের জন্য বড় উদ্বেগ হয়ে রয়েছে।
এরই মধ্যে ইয়েমেনের হুথিরা সৌদি আরবের রিয়াদ ও খুরাইস এলাকায় সৌদি আরামকোর স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। সৌদি আরবের পক্ষ থেকে ওই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এর আগে সৌদি নেতৃত্বাধীন বাহিনী ইয়েমেনে কয়েক দফা হামলা চালিয়েছে বলে হুথিরা দাবি করেছে।
অন্যদিকে সৌদি আরামকো এশিয়ার জন্য নভেম্বরের অপরিশোধিত তেলের দাম অপ্রত্যাশিতভাবে কমিয়ে দিয়েছে। এশিয়ার বাজারের জন্য সৌদি তেলের দাম ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ স্বাভাবিক থাকলে এবং জি-৭-এর মজুত থেকে জ্বালানি বাজারে আসতে শুরু করলে আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর কিছুটা চাপ তৈরি হতে পারে। তবে উপসাগরীয় অঞ্চলের তেল স্থাপনায় বড় ধরনের হামলা হলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে।
এদিকে ওপেক প্লাসও ২০২৭ সালের তেল উৎপাদন কোটা নির্ধারণের গুরুত্বপূর্ণ পর্যালোচনা পিছিয়ে দিয়েছে। ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিভিন্ন প্রকল্প বাধাগ্রস্ত হওয়ায় ভবিষ্যৎ উৎপাদন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
ফলে আন্তর্জাতিক তেলবাজার এখন অনেকটা দুই বিপরীত শক্তির মধ্যে রয়েছে। একদিকে মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বাড়া ও জি-৭-এর জরুরি মজুত ছাড়ার সিদ্ধান্ত দাম কমিয়ে রাখছে। অন্যদিকে যুদ্ধ, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকি এবং তেল অবকাঠামোয় নতুন হামলার আশঙ্কা দাম আবারও বাড়িয়ে দিতে পারে।
বিশ্লেষকদের ধারণা, আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানির ধারাবাহিকতা এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিই আন্তর্জাতিক বাজারে তেলের দামের গতিপথ নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

একটি মন্তব্য পোস্ট করুন