প্রগতি বার্তা
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

হুথিদের নিয়ন্ত্রিত এলাকা পুনর্দখলে ইয়েমেন সরকারের সামরিক অভিযান শুরু।

হুথিদের নিয়ন্ত্রিত এলাকা পুনর্দখলে ইয়েমেন সরকারের সামরিক অভিযান

 আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রণে থাকা বাকি অঞ্চলগুলো পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরব-সমর্থিত দেশটির সরকার। রোববার (৪ অক্টোবর) ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের (পিএলসি) চেয়ারম্যান রাশাদ আল-আলিমি এ ঘোষণা দেন। 

টেলিভিশনে দেওয়া ভাষণে আল-আলিমি বলেন, দেশের অবশিষ্ট ভূখণ্ড পুনরুদ্ধার এবং পুরো ইয়েমেনে রাষ্ট্র ও সরকারি প্রতিষ্ঠানগুলোর কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই এই সামরিক অভিযান শুরু করা হচ্ছে।

তিনি বলেন, “আজ আমি প্রজাতন্ত্রের অবশিষ্ট ভূখণ্ড পুনরুদ্ধার এবং পুরো জাতীয় ভূখণ্ডজুড়ে রাষ্ট্র ও এর প্রতিষ্ঠানগুলোর কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিচ্ছি।” 

আল-আলিমি জানান, দেশটির সশস্ত্র বাহিনী, নিরাপত্তা বাহিনী এবং বিভিন্ন সামরিক ইউনিটকে অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। দেশকে হুথিদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে পূর্ণ সতর্ক অবস্থায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

ইয়েমেন সরকারের ভাষ্য অনুযায়ী, শান্তিপূর্ণভাবে উত্তেজনা কমানোর সব সুযোগ শেষ হয়ে যাওয়ার পরই সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আল-আলিমি অভিযোগ করেন, উত্তেজনা কমানোর উদ্যোগের বিপরীতে হুথিরা সামরিক শক্তি বাড়ানো, হামলা ও হুমকি অব্যাহত রেখেছে। 

২০১৪ সালে রাজধানী সানা দখলের পর থেকে ইয়েমেনের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে আসছে হুথিরা। এসব এলাকার মধ্যে রাজধানী সানাও রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার মূলত দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে। 

সাম্প্রতিক সময়ে সংঘাত আরও তীব্র হয়েছে। বিশেষ করে কৌশলগত বাব আল-মান্দাব প্রণালি এবং লোহিত সাগরের উপকূলবর্তী কিছু এলাকায় হুথিদের অগ্রগতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক নৌপথের জন্য গুরুত্বপূর্ণ এই অঞ্চলকে ঘিরে সংঘাত বাড়ায় আঞ্চলিক নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। 

সামরিক অভিযান ঘোষণার আগে পশ্চিমাঞ্চলের তাইজ প্রদেশেও তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। বিভিন্ন নিরাপত্তা ও সামরিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, হুথিরা তাইজ শহরের সঙ্গে সরকারি নিয়ন্ত্রিত এলাকার গুরুত্বপূর্ণ একটি সরবরাহ সড়ক কেটে দিয়েছে। এতে শহরটির ওপর চাপ আরও বেড়েছে। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তাইজ ও আশপাশের এলাকায় সাম্প্রতিক লড়াইয়ে ব্যাপক হতাহতের ঘটনাও ঘটেছে। ফলে নতুন সামরিক অভিযান শুরু হওয়ায় ইয়েমেনের বিভিন্ন ফ্রন্টে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

তবে আল-আলিমি দাবি করেছেন, এই অভিযান কোনো নির্দিষ্ট শহর, সম্প্রদায় বা গোত্রের বিরুদ্ধে নয়। সানা, সাদা, হোদেইদা, আমরান, ধামার কিংবা ইবসহ হুথি নিয়ন্ত্রিত এলাকার সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করা হবে না বলেও জানিয়েছেন তিনি।

হুথি নিয়ন্ত্রিত এলাকার বাসিন্দাদের সামরিক স্থাপনা, সমাবেশ ও সরবরাহপথ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের চেয়ারম্যান। একই সঙ্গে তিনি সামরিক বাহিনীকে বেসামরিক মানুষ ও তাদের সম্পদ রক্ষার নির্দেশ দিয়েছেন।

আল-আলিমি আরও বলেন, যেসব এলাকায় সরকারি বাহিনী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, সেখানে দ্রুত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কার্যকর করা হবে। সরকারি কর্মীদের বেতন পরিশোধ, রাস্তা, বিদ্যুৎ ও পানি অবকাঠামো পুনর্গঠন এবং বাস্তুচ্যুত মানুষদের নিজ এলাকায় ফেরানোর জন্যও পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। 

ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতের নতুন পর্যায়ে সামরিক অভিযান কতটা বিস্তৃত হয় এবং হুথিদের প্রতিক্রিয়া কী হয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। নতুন করে বড় ধরনের সংঘাত শুরু হলে দেশটির ইতোমধ্যে ভয়াবহ মানবিক পরিস্থিতি আরও সংকটের মুখে পড়তে পারে। 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক