নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার (৩ অক্টোবর) তিনি এই সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। রোববার (৪ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, সফরের প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেবেন সেনাপ্রধান। আন্তর্জাতিক এ আয়োজনে সামরিক ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের সুযোগ থাকবে।
অস্ট্রেলিয়া সফরের অংশ হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটিও পরিদর্শন করবেন।
এরপর সফরের পরবর্তী পর্যায়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাবেন সেনাপ্রধান। সেখানে তিনি অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (AUSA) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন-এ অংশ নেবেন।
সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। পাশাপাশি দুই দেশের বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করার কথা রয়েছে।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, এই সফরের মধ্য দিয়ে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হওয়ার সুযোগ তৈরি হবে।
নয় দিনের সফর শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের দেশে ফেরার কথা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন