প্রগতি বার্তা
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

চেকপোস্টে তল্লাশিকালে ট্রাকের ধাক্কায় 'এসআরবি' সদস্য নিহত।

ফেনীতে চেকপোস্টে তল্লাশির সময় ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা আলমগীর হোসেন নিহত

ডেস্ক রিপোর্টঃ ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনে তল্লাশি চালানোর সময় ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক কর্মকর্তা নিহত হয়েছেন।

নিহত কর্মকর্তার নাম মো. আলমগীর হোসেন। তিনি এসআরবি-৭-এর ফেনী ক্যাম্পে উপসহকারী পরিচালক (ডিএডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেনী সদর উপজেলার ফতেহপুর এলাকায় স্টার লাইন ফিলিং স্টেশনসংলগ্ন বিকন মডেল কলেজ সড়কের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এসআরবি ফেনী ক্যাম্প ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে মহাসড়কে সন্দেহভাজন যানবাহনে তল্লাশির জন্য এসআরবির একটি দল অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করা হচ্ছিল। একই সময়ে পেছন থেকে আসা একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়।

তবে ট্রাকটি সংকেত না মেনে দ্রুতগতিতে এগিয়ে এসে প্রথমে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দায়িত্ব পালনরত এসআরবি কর্মকর্তা আলমগীর হোসেনকে চাপা দেয়। এরপর ট্রাকটি সড়কের পাশের গর্তে পড়ে যায়।

দুর্ঘটনায় আলমগীর হোসেন গুরুতর আহত হন। একই ঘটনায় ট্রাকচালক মো. সজীবও আহত হন। পরে দায়িত্বে থাকা এসআরবি সদস্যরা আহত দুজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলমগীর হোসেনকে মৃত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসকের বরাতে জানা গেছে, হাসপাতালে নেওয়ার আগেই আলমগীর হোসেনের মৃত্যু হয়েছিল। অন্যদিকে আহত ট্রাকচালক সজীবকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে মহিপাল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকচালক সজীব বর্তমানে এসআরবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত আলমগীর হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা এবং তিনি পাঁচ সন্তানের জনক ছিলেন। ২০২৫ সালের ৩০ এপ্রিল তিনি র‍্যাবে যোগ দেন এবং চলতি বছরের ১৭ মে এসআরবি-৭ ফেনী ক্যাম্পে উপসহকারী পরিচালক হিসেবে দায়িত্ব নেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এসআরবি-৭ ফেনী ক্যাম্পের কর্মকর্তারা জানিয়েছেন, দায়িত্ব পালনরত অবস্থায় সহকর্মীর এমন মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। নিহতের পরিবারের সদস্যদেরও বিষয়টি জানানো হয়েছে।

দায়িত্ব পালন করতে গিয়ে একজন এসআরবি কর্মকর্তার এমন মর্মান্তিক মৃত্যুতে সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক