প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

'ফিশিং লিংকে' মোবাইল নিয়ন্ত্রণ নিয়ে ৯ লাখ টাকা আত্মসাৎ, ২ জন গ্রেফতার।

ফিশিং লিংকের মাধ্যমে মোবাইল নিয়ন্ত্রণ নিয়ে ব্যাংক হিসাব থেকে টাকা আত্মসাতের ঘটনায় সিআইডির অভিযান

নিজস্ব প্রতিবেদক | প্রগতি বার্তা

ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি দল গত ২ সেপ্টেম্বর রাতে রংপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুজন হলেন—শাহীদ আল ইমরান সৌরভ (৩৬) ও মো. সাগর হোসেন (২৮)। সিআইডির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে প্রতারণার ঘটনায় তাদের সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ২ জুন ২০২৬ মামলার বাদী তার মোবাইল ফোনে সফটওয়্যার আপডেট-সংক্রান্ত একটি মেসেজ দেখতে পান। মেসেজটি দেখার পর তার মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে শুরু করে এবং একপর্যায়ে ফোনের ডিসপ্লে বন্ধ হয়ে যায়।

দীর্ঘ সময় চেষ্টা করেও তিনি মোবাইল ফোনটির নিয়ন্ত্রণ নিতে পারেননি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে মোবাইল ফোনের ডিসপ্লে চালু হলে বিভিন্ন মেসেজের মাধ্যমে তিনি জানতে পারেন, তার ব্যাংক হিসাব থেকে বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে টাকা স্থানান্তর করা হয়েছে।

পরবর্তীতে ব্যাংক হিসাবের স্টেটমেন্ট সংগ্রহ করে তিনি দেখতে পান, তার হিসাব থেকে সর্বমোট ৯ লাখ ৮৬ টাকা বিভিন্ন হিসাবে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় গত ৪ জুন ২০২৬ পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনের বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করা হয়। পরে মামলাটি তদন্তের জন্য সিআইডির সাইবার পুলিশ সেন্টার অধিগ্রহণ করে।

তদন্তকালে ব্যাংক থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই প্রতারণার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে শনাক্ত করা হয় বলে জানিয়েছে সিআইডি।

সিআইডির সাইবার ইনভেস্টিগেশন টিম গত ২ সেপ্টেম্বর রাতে রংপুরে অভিযান চালায়।

অভিযানে শাহীদ আল ইমরান সৌরভকে রংপুরের ডিসি বাংলোর মোড়সংলগ্ন গোমস্তপাড়া এলাকা থেকে রাত ১টা ১৫ মিনিটে গ্রেপ্তার করা হয়।

এরপর মো. সাগর হোসেনকে রংপুরের হনুমানতলা চিকলী এলাকা থেকে রাত ২টা ৩৫ মিনিটে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় সৌরভের হেফাজত থেকে বিভিন্ন ব্যাংকের তিনটি চেকবই, একটি ভিসা প্লাটিনাম কার্ড, একটি ভিসা ডেবিট কার্ড, একটি সিম্ফনি ব্র্যান্ডের বাটন ফোন এবং একটি ইনফিনিক্স ব্র্যান্ডের স্মার্টফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি।

সিআইডির প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মো. সাগর হোসেন জানিয়েছেন, তিনি ফেসবুক ও টেলিগ্রামের মাধ্যমে একটি আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে যুক্ত ছিলেন।

সিআইডির দাবি, ওই চক্র বিভিন্ন ব্যক্তির ব্যাংক হিসাব সংগ্রহ ও নিয়ন্ত্রণের চেষ্টা করত। পরে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থ উত্তোলন করে অনলাইন মাধ্যমে দেশের বাইরে অবস্থানরত সহযোগীদের কাছে পাঠানো হতো।

এর বিনিময়ে সংশ্লিষ্টরা কমিশন পেতেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

তবে এসব তথ্য এখনো তদন্তাধীন এবং তদন্ত শেষে চক্রটির অন্যান্য সদস্য ও অর্থ পাচারের সম্ভাব্য নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সিআইডি।

সিআইডি জানিয়েছে, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত দেশি-বিদেশি অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলাটির তদন্ত কার্যক্রমও চলমান রয়েছে। তদন্তের মাধ্যমে প্রতারণার মূল রহস্য উদঘাটন এবং সংঘবদ্ধ চক্রটির অন্যান্য সদস্যকে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ডিজিটাল সেবা ব্যবহারকারীদের অপরিচিত বা সন্দেহজনক কোনো লিংকে প্রবেশ না করার জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সিআইডি।

বিশেষ করে সফটওয়্যার আপডেট, পুরস্কার, চাকরি, ব্যাংকিং সেবা বা অন্য কোনো প্রলোভন দেখিয়ে পাঠানো লিংকে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে।

সন্দেহজনক কোনো লিংক বা মেসেজ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দ্রুত অবহিত করা এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছে সিআইডি।

 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক