প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ঢাকাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা।

উত্তর আন্দামান সাগরে লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি

 নিজস্ব প্রতিবেদক | প্রগতি বার্তা

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোর থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। ঢাকায় ভোর সোয়া ৪টার দিকে কয়েকটি এলাকায় দমকা বাতাসের সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। পরে টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে যায়। এতে সপ্তাহের প্রথম কার্যদিবসে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, শ্রমজীবীসহ সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

ভোর থেকে বৃষ্টির কারণে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, রামপুরা, বনশ্রী, পুরানা পল্টন, খিলগাঁও, মালিবাগ, মৌচাক, মগবাজার, দক্ষিণ মণিপুর ও পশ্চিম শ্যাওড়াপাড়াসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমার খবর পাওয়া গেছে। কোথাও কোথাও হাঁটুসমান পানির মধ্য দিয়ে মানুষকে চলাচল করতে দেখা যায়।

বৃষ্টির কারণে সড়কে যানবাহনের চাপও বেড়েছে। কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে অনেক মানুষকে বৃষ্টিতে ভিজে বা পানি মাড়িয়ে চলাচল করতে হয়েছে। কোথাও কোথাও যানজটের কারণে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত ঢাকায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নারায়ণগঞ্জে, ৮২ মিলিমিটার।

লঘুচাপের প্রভাবে দেশের আটটি অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার কথা বলা হয়েছে।

রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

সোমবারও রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবারও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মঙ্গলবার থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে বাংলাদেশে মৌসুমি বায়ু কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

এদিকে দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহও বয়ে যাচ্ছে। বৃষ্টির প্রবণতা বাড়লে এসব এলাকায় তাপপ্রবাহ প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

বৃষ্টির কারণে রাজধানীসহ বিভিন্ন শহরে জলাবদ্ধতা ও যানজটের পাশাপাশি বজ্রপাতের ঝুঁকিও রয়েছে। ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সময় প্রয়োজন ছাড়া বাইরে না থাকা এবং সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ রয়েছে।

আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাস ও সতর্কবার্তার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক