জামালপুর প্রতিনিধি:
মাদকদ্রব্যের অবৈধ বিস্তার রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকার চরগোবিন্দবাড়ী গুচ্ছগ্রামে এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—নরুন্দি এলাকার মৃত সেন মাহমুদের ছেলে মো. আব্দুল লতিফ (৪০), চরগোবিন্দবাড়ী এলাকার মৃত ইনছর আলীর ছেলে মফিজুল (৬০) এবং একই এলাকার নাজিম উদ্দিনের ছেলে আব্দুল মালেক (৩০)।
অভিযানে তাদের কাছ থেকে মোট ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হায়দারের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় জামালপুরের একটি আভিযানিক দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত দণ্ডপ্রাপ্ত তিনজনকে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। পরে উদ্ধার করা মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের অবৈধ বিস্তার রোধে এবং সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন