প্রগতি বার্তা ডেস্ক:
বার্ষিক আয়কর রিটার্ন জমা দিয়ে বিশেষ করছাড় পাওয়ার সুযোগ শেষ হচ্ছে আজ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে ব্যক্তিশ্রেণির করদাতারা নিট পরিশোধযোগ্য করের ওপর ৫ শতাংশ হারে অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত করছাড় পাওয়ার সুযোগ পাবেন।
চলতি ২০২৬-২৭ করবর্ষ থেকে প্রথমবারের মতো আগেভাগে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে এই কর প্রণোদনা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসের মধ্যে রিটার্ন জমা দেওয়া করদাতারাই এ সুবিধা পাবেন।
এনবিআরের ঘোষণা অনুযায়ী, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে করদাতার নিট পরিশোধযোগ্য করের ৫ শতাংশ করছাড় হিসেবে সমন্বয় হবে। তবে এই ছাড়ের সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।
অর্থাৎ, কারও নিট পরিশোধযোগ্য কর ১ লাখ টাকা হলে ৫ শতাংশ হিসেবে ৫ হাজার টাকা করছাড় পাওয়া যাবে। আবার কারও পরিশোধযোগ্য কর ৫ লাখ টাকা বা তার বেশি হলে ৫ শতাংশের হিসাব ২৫ হাজার টাকা ছাড়িয়ে গেলেও সর্বোচ্চ ২৫ হাজার টাকাই করছাড় হিসেবে প্রযোজ্য হবে।
তবে এই ছাড় মোট আয় বা মোট হিসাব করা করের ওপর নয়; রিটার্নে হিসাব-নিকাশ ও সমন্বয়ের পর যে নিট কর পরিশোধযোগ্য থাকে, তার ওপরই ৫ শতাংশ ছাড় হিসাব করা হবে।
৩০ সেপ্টেম্বরের পর রিটার্ন দাখিল করলে এই ৫ শতাংশ কর প্রণোদনা আর পাওয়া যাবে না। ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে কোনো কর প্রণোদনা থাকবে না।
অন্যদিকে, নির্ধারিত সময় আরও পেরিয়ে গেলে অতিরিক্ত করের বিধান কার্যকর হবে। এনবিআরের নির্ধারিত কাঠামো অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা—যেটি বেশি, সেই হারে অতিরিক্ত অর্থ দিতে হবে।
আর ১ এপ্রিল থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা—যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত অর্থ প্রযোজ্য হবে।
২০২৬-২৭ করবর্ষের জন্য এনবিআরের ই-রিটার্ন সেবা চালু রয়েছে। করদাতারা ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে পারছেন।
এনবিআর জানিয়েছে, অনলাইনে রিটার্ন দাখিলের পাশাপাশি ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে কর পরিশোধ করা যায়। রিটার্ন সফলভাবে জমা দেওয়ার পর অনলাইন থেকেই তাৎক্ষণিকভাবে প্রাপ্তি স্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করা যায়।
এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা গত ২২ জুলাই চালু করা হয়।
ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিলের ব্যবস্থা বাধ্যতামূলক করা হলেও কিছু ক্ষেত্রে কাগজে রিটার্ন দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
৬৫ বছর বা তার বেশি বয়সী করদাতা, শারীরিকভাবে অক্ষম বা প্রতিবন্ধী ব্যক্তি প্রয়োজনীয় সনদ দাখিল সাপেক্ষে, বিদেশে বসবাসরত বাংলাদেশি, মৃত করদাতার পক্ষে রিটার্ন দাখিলকারী প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা কাগজে রিটার্ন জমা দিতে পারবেন। এছাড়া ই-রিটার্ন নিবন্ধন বা সংশ্লিষ্ট কারিগরি সমস্যার ক্ষেত্রে অনুমোদন সাপেক্ষে কিছু করদাতার কাগজে রিটার্ন দেওয়ার সুযোগ রয়েছে।
এনবিআরের এই নতুন ব্যবস্থা মূলত করদাতাদের আগেভাগে রিটার্ন দাখিলে উৎসাহিত করা এবং স্বেচ্ছায় কর পরিশোধের সংস্কৃতি জোরদার করার উদ্দেশ্যে চালু করা হয়েছে।
তাই চলতি ২০২৬-২৭ করবর্ষের রিটার্ন এখনো জমা না দিয়ে থাকলে আজ ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলেই ৫ শতাংশ পর্যন্ত, সর্বোচ্চ ২৫ হাজার টাকা করছাড়ের সুবিধা পাওয়া যাবে।
আজকের পর রিটার্ন জমা দেওয়া গেলেও এ বিশেষ কর প্রণোদনা আর পাওয়া যাবে না।

একটি মন্তব্য পোস্ট করুন