প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

'দুদক সচিব' হিসেবে যোগ দিলেন সাইদুর রহমান খান।

দুদক সচিব

বিশেষ প্রতিনিধিঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সাইদুর রহমান খান। রোববার (২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সাইদুর রহমান খান বলেন, দুর্নীতিমুক্ত সুশাসন প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে দুর্নীতিকে নির্মূল করার বিকল্প নেই। তিনি বলেন, দুদককে একটি আরও কার্যকর, জনবান্ধব ও আস্থাশীল প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবেন।

তিনি বলেন, বর্তমানে দেশ একটি রূপান্তরকালীন সময় অতিক্রম করছে। এ প্রেক্ষাপটে দুদকের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। কমিশনের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি চলমান সংস্কার-সংক্রান্ত সুপারিশগুলোও পর্যালোচনা করা হবে।

নবনিযুক্ত সচিব আরও জানান, দায়িত্ব গ্রহণের পর প্রথমেই তিনি কমিশনের বিভিন্ন শাখার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা নেবেন। এরপর অগ্রাধিকারভিত্তিতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। প্রয়োজনে দ্রুত ফল পেতে বিশেষ কর্মসূচিও (ক্র্যাশ প্রোগ্রাম) হাতে নেওয়া হতে পারে।

দুদকের নতুন কমিশন গঠনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটির কাজ শেষ পর্যায়ে রয়েছে। সরকারের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিশন দায়িত্ব গ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মো. সাইদুর রহমান খান বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। গত ২৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দুর্নীতি দমন কমিশনের সচিব হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের গ্রিনউইচ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। দীর্ঘ প্রশাসনিক জীবনে তিনি মাঠ প্রশাসনসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন।

দুদকের সচিব হিসেবে তার দায়িত্ব গ্রহণকে কমিশনের প্রশাসনিক কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তার নেতৃত্বে দুর্নীতি দমন, প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে কমিশনের কার্যক্রম আরও গতিশীল হবে।

 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক