কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রয়েল কক্স পরিবহনের একটি স্লিপার কোচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসের সব যাত্রী নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে। বাসটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছানোর পর স্লিপার কোচটি সামনে থাকা একটি গাড়িতে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর বাসের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে পুলিশ জানিয়েছে। মুহূর্তের মধ্যে আগুন বাসের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
আগুনের সূত্রপাতের সঙ্গে সঙ্গে বাসের যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে সরে যান। স্থানীয়রাও আগুন দেখে ঘটনাস্থলে ছুটে আসেন। তবে আগুনের তীব্রতা এত বেশি ছিল যে পরে পুরো বাসটি পুড়ে যায়। স্থানীয় প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন মোল্লা জানান, বাসে থাকা সব যাত্রী নিরাপদে বের হতে পেরেছিলেন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক ইসলাম জানান, সামনে থাকা গাড়িতে ধাক্কা দেওয়ার পর স্লিপার কোচটিতে আগুনের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এ ঘটনায় তেমন কেউ হতাহত হননি।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও স্টাফরা ঘটনাস্থল থেকে চলে যান। ক্ষতিগ্রস্ত বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার পরও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর বাসটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত যাত্রীদের বাস থেকে বের করে আসতে পারায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন