নিজস্ব প্রতিবেদক, জামালপুর: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর ও সদর শাখা।
শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের পুরাতন পৌরসভা গেট এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়। বিকেল সাড়ে ৫টার দিকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার নেতা অ্যাডভোকেট আব্দুল আওয়াল বলেন, ২০২৪ সালের ১ আগস্ট সরকার তাদের দলকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল। তবে পাঁচ দিনের মধ্যে সেই সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল বলে তিনি দাবি করেন। তিনি বলেন, গত দুই বছরেও ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের সীমানায় প্রবেশ করতে পারেনি। বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এসব দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার আমীর অধ্যাপক আল ইমরান সুজনের সভাপতিত্বে এবং জামালপুর সদর উপজেলার সেক্রেটারি রেজাউল করিম নোমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট ছামিউল হক, জামালপুর পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান, মেলান্দহ উপজেলা আমীর ইদ্রিস আলী, সদর উপজেলা আমীর মাওলানা মঞ্জুরুল ইসলাম, সদর উপজেলার নায়েবে আমীর মাওলানা আজহারুল ইসলাম, শহর সেক্রেটারি আব্দুর রহমান ওমর এবং ইসলামী ছাত্রশিবির জামালপুর শহর শাখার সভাপতি আবু রায়হান।
সমাবেশে বক্তারা বলেন, তাদের মতে জুলাই গণঅভ্যুত্থান কেবল নির্বাচনকেন্দ্রিক ছিল না; বরং গণভোটের জনরায় বাস্তবায়নের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা থেকেই এ আন্দোলন সংঘটিত হয়েছিল। তারা আরও বলেন, জুলাই আন্দোলনের কর্মীদের ওপর কোনো ধরনের আঘাত এলে দেশের জনগণ তা মেনে নেবে না।
গণমিছিল ও সমাবেশে জামালপুর জেলা, শহর ও সদর উপজেলার নেতৃবৃন্দ ছাড়াও জামায়াত এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশ থেকে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন