মারাকানায় '২০২৭ নারী বিশ্বকাপের' উদ্বোধন ও ফাইনাল।

২০২৭ নারী বিশ্বকাপের উদ্বোধন ও ফাইনালের ভেন্যু মারাকানা স্টেডিয়াম

 স্পোর্টস ডেস্কঃ ব্রাজিলের রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ফিফা নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা টুর্নামেন্টের ম্যাচ সূচি ও ভেন্যু বণ্টন প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেছে।

ফিফার প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২৪ জুন ২০২৭ মারাকানায় শুরু হবে নারী বিশ্বকাপের দশম আসর। স্বাগতিক ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ খেলবে এই ঐতিহাসিক স্টেডিয়ামেই। টুর্নামেন্টের পর্দা নামবে ২৫ জুলাই ২০২৭, আর ফাইনালও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।

২০২৭ সালের নারী বিশ্বকাপের বিশেষত্ব হলো—এবারই প্রথম দক্ষিণ আমেরিকার মাটিতে বসছে বিশ্বের সবচেয়ে বড় নারী ফুটবল আসর। ব্রাজিলের আটটি শহরের আটটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোট ৬৪টি ম্যাচ।

বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য ব্রাজিলের আটটি শহরকে বেছে নিয়েছে ফিফা। শহরগুলো হলো—রিও ডি জেনেইরো, সাও পাওলো, ব্রাসিলিয়া, বেলো হরিজন্তে, ফোর্তালেজা, পোর্তো আলেগ্রে, রেসিফে ও সালভাদর।

প্রতিটি আয়োজক শহরে অন্তত সাতটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং প্রতিটি শহরেই অন্তত একটি নকআউট ম্যাচ থাকবে। ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রেসিফে ও সালভাদর শেষ ষোলো পর্যন্ত ম্যাচ আয়োজন করবে। অন্যদিকে বেলো হরিজন্তে, ফোর্তালেজা, রিও ডি জেনেইরো ও সাও পাওলোতে কোয়ার্টার ফাইনালের ম্যাচও অনুষ্ঠিত হবে।

স্বাগতিক ব্রাজিল ২৪ জুন মারাকানায় নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২৯ জুন সাও পাওলোর অ্যারেনা ইতাকেরায় এবং ৪ জুলাই ব্রাসিলিয়ার ন্যাশনাল স্টেডিয়ামে গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচ খেলবে ব্রাজিল।

বিশ্ব ফুটবলের অন্যতম ঐতিহাসিক স্টেডিয়াম মারাকানা। ১৯৫০ সালের পুরুষ বিশ্বকাপের ফাইনালের সঙ্গে এই স্টেডিয়ামের নাম গভীরভাবে জড়িয়ে আছে। ২০২৭ সালের নারী বিশ্বকাপের ফাইনাল আয়োজনের মাধ্যমে মারাকানা পুরুষ ও নারী—দুই বিশ্বকাপের ফাইনাল আয়োজন করা বিরল স্টেডিয়ামগুলোর তালিকায় আরও গুরুত্বপূর্ণ জায়গা করে নেবে।

এবারের আসর নারী বিশ্বকাপের দশম সংস্করণ। ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত ব্রাজিলে চলবে এই মহাযজ্ঞ। বিশ্বজুড়ে নারী ফুটবলের জনপ্রিয়তা ও প্রতিযোগিতার মান আরও বাড়ানোর ক্ষেত্রে ব্রাজিলের এই আয়োজনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ব্রাজিলে নারী ফুটবলের বিশ্বকাপ আয়োজন দেশটির ফুটবলপ্রেমী মানুষের আবেগ, রং ও শক্তিকে বিশ্বের সামনে তুলে ধরার বড় সুযোগ তৈরি করবে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক