সোমবার (২৭ জুলাই) মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে মেলান্দহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় রাউন্ডের বিতর্কের বিষয় ছিল— “দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতার চেয়ে আইনের কঠোর প্রয়োগই বেশি কার্যকর।” আর চূড়ান্ত পর্বের বিষয় ছিল— “শিক্ষা প্রতিষ্ঠানে সততা চর্চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ভিত্তি।” অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তথ্য, যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে দুর্নীতির ক্ষতিকর প্রভাব এবং নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে প্রাণবন্ত বিতর্ক উপস্থাপন করেন।
মেলান্দহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাজী আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) জামালপুর-শেরপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আতিউর রহমান।
বিশেষ অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দুদকের উপ-পরিদর্শক তওহিদুল ইসলাম, মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজাদুর রহমান ভূঁইয়া, মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কুদ্দুস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আসালত জামান, সাধারণ সম্পাদক রুবাইয়াত বিন ইসলাম প্রতীক, বিশিষ্ট সাংবাদিক মো. রুহুল আমিন রাজু, সদস্য আসাদুজ্জামান, মীর ছানোয়ার কবীর রাসেল এবং সাবেক ছাত্রনেতা তৌসিফ তানভীরসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রতিযোগিতায় উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিক দল অংশ নেয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও যুক্তিনির্ভর এ আয়োজনে মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টনকি জুবাইদা জব্বার উচ্চ বিদ্যালয় রানার-আপ হওয়ার কৃতিত্ব লাভ করে।
প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মের মধ্যে সততা, ন্যায়নিষ্ঠা, জবাবদিহিতা ও দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত বিতর্ক, আলোচনা ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন শিক্ষার্থীদের নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দুর্নীতিবিরোধী সামাজিক সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেলান্দহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ও বিশিষ্ট সাংবাদিক দিলরুবা ইয়াসমিন রুমা। সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা উপস্থিত ছিলেন। তারা ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক ও মূল্যবোধভিত্তিক আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।

0 মন্তব্যসমূহ