দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা, ৭ আগস্টের মধ্যে নিবন্ধন সম্পন্নের নির্দেশ।

মাওশি

 নিজস্ব প্রতিবেদক: প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (২৮ জুলাই) জারি করা এক অফিস আদেশে দেশের সব আঞ্চলিক পরিচালক, উপপরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়। নির্দেশনায় সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে আগামী ৭ আগস্টের মধ্যে ফুটবল দলের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।

মাউশির নির্দেশনায় বলা হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত নিবন্ধন ফরম যথাযথভাবে পূরণ করতে হবে। সেই সঙ্গে ফুটবল দলের প্রয়োজনীয় সব নথিপত্র, প্রধান শিক্ষক বা অধ্যক্ষের অগ্রায়ণপত্র সংযুক্ত করে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ৭ আগস্টের মধ্যে জমা দিতে হবে।

এতে আরও বলা হয়েছে, উপজেলা পর্যায়ে বিজয়ী দলের কাগজপত্র জেলা পর্যায়ে, জেলা পর্যায়ের বিজয়ী দলের নথি আঞ্চলিক পর্যায়ে এবং আঞ্চলিক পর্যায়ের বিজয়ী দলের সব নথিপত্র জাতীয় পর্যায়ে পাঠাতে হবে। প্রতিটি ধাপে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে প্রতিযোগিতা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশি জানিয়েছে, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৯ আগস্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে আগেভাগেই প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এ প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নতুন ফুটবল প্রতিভা খুঁজে বের করার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় আরও সম্পৃক্ত করা সম্ভব হবে। তাই নির্ধারিত সময়সীমার মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিবন্ধন ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ