হবিগঞ্জ প্রতিনিধিঃ বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময় ও কাছাকাছি স্থানে বিএনপি এবং এনসিপির পৃথক কর্মসূচি ঘোষণার কারণে মুখোমুখি অবস্থান, সংঘর্ষ এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় জনশৃঙ্খলা রক্ষা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, বিক্ষোভ, গণজমায়েত এবং শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে—এমন কার্যক্রম নিষিদ্ধ থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, ১৪৪ ধারা কার্যকর থাকা অবস্থায় কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে এনসিপি হবিগঞ্জে একটি কর্মসূচি ঘোষণা করে। একই দিনে বিএনপি ও এর অঙ্গসংগঠনও পৃথক কর্মসূচির ঘোষণা দেয়। উভয় পক্ষের কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য সংঘাত এড়াতেই প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।

0 মন্তব্যসমূহ