বানিজ্য ডেস্কঃ দেশের ব্যাংকিং খাতে আমানতের চিত্রে নতুন প্রবণতার ইঙ্গিত মিলেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে, বড় অঙ্কের আমানতকারীদের সংখ্যা ও তাদের জমার পরিমাণ কমেছে। বিপরীতে ছোট ও মাঝারি অঙ্কের আমানতকারী এবং তাদের সঞ্চয়ের পরিমাণ বেড়েছে।
প্রতিবেদনে দেখা যায়, ৫০ কোটি টাকা বা তার বেশি আমানত রয়েছে—এমন হিসাবের সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে। একইভাবে ২৫ কোটি থেকে ৫০ কোটি টাকার আমানত থাকা হিসাবেও হ্রাস লক্ষ্য করা গেছে। এসব হিসাবে জমাকৃত মোট অর্থও আগের তুলনায় কমে এসেছে।
অন্যদিকে, কয়েক লাখ টাকা থেকে শুরু করে মাঝারি অঙ্কের আমানতধারীদের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে এসব হিসাবে জমাকৃত মোট অর্থও বেড়েছে, যা সাধারণ মানুষের ব্যাংকে সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
অর্থনীতিবিদদের মতে, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের বিভিন্ন অনিশ্চয়তা এবং বড় বিনিয়োগকারীদের বিকল্প খাতে ঝুঁকে পড়ার কারণে অতি ধনীদের আমানত কমতে পারে। অন্যদিকে নিরাপদ সঞ্চয়, ডিজিটাল ব্যাংকিংয়ের প্রসার এবং নিয়মিত আয়ের একটি অংশ ব্যাংকে রাখার প্রবণতা ছোট ও মাঝারি আমানত বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
বিশ্লেষকদের ভাষ্য, ছোট ও মাঝারি আমানতের বৃদ্ধি ব্যাংকিং খাতের জন্য ইতিবাচক হলেও বড় অঙ্কের আমানত কমে যাওয়া দীর্ঘমেয়াদে ব্যাংকগুলোর বিনিয়োগ সক্ষমতা ও তারল্য ব্যবস্থাপনায় প্রভাব ফেলতে পারে। তাই ব্যাংকিং খাতে আস্থা ও সুশাসন আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।

একটি মন্তব্য পোস্ট করুন