'মাত্র তো শুরু, যেতে হবে বহুদূর'—ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ককরোচ জনতা পার্টি প্রধানের বার্তা।

অভিজিৎ দীপকে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নফাঁস ও পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিনের বিতর্কের জেরে দেশজুড়ে গড়ে ওঠা শিক্ষার্থী আন্দোলনের বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে। এই ঘটনার পর আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি (CJP)-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপে (Abhijeet Dipke) এক ভিডিওবার্তায় বলেছেন, "মাত্র তো শুরু, ককরোচ জনতা পার্টিকে যেতে হবে বহুদূর।"

ভারতের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিট পরীক্ষার প্রশ্নফাঁস এবং পরীক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে বিক্ষোভ চলছিল। শুরুতে শিক্ষার্থী আন্দোলন হিসেবে শুরু হলেও পরে তা বৃহত্তর জনসমর্থন পায়। আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থায় সংস্কার।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর প্রকাশের পর দিল্লির যন্তর মন্তরসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা উল্লাসে মেতে ওঠেন। এ সময় অভিজিৎ দিপে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে বলেন, এই বিজয় কেবল একটি পদত্যাগের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি প্রতিষ্ঠার আন্দোলনের প্রথম ধাপ। তিনি বলেন, "মাত্র তো শুরু, যেতে হবে বহুদূর।"

মাত্র ৩০ বছর বয়সী অভিজিৎ দিপে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক একটি ব্যঙ্গাত্মক উদ্যোগ থেকে ককরোচ জনতা পার্টি (CJP) গড়ে তোলেন। অল্প সময়ের মধ্যেই এটি শিক্ষার্থী ও তরুণদের একটি শক্তিশালী আন্দোলনের প্ল্যাটফর্মে পরিণত হয়। নিট প্রশ্নফাঁস ইস্যুর পাশাপাশি কর্মসংস্থান, জবাবদিহি এবং শিক্ষা সংস্কারের দাবিও আন্দোলনের সঙ্গে যুক্ত হয়।

আন্দোলনের চাপের মুখে ভারতের কেন্দ্রীয় সরকার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গ্রহণ করে এবং শিক্ষা ব্যবস্থায় সংস্কারের বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয়। এরপর ককরোচ জনতা পার্টি তাদের কর্মসূচির প্রথম ধাপ সফল হয়েছে বলে ঘোষণা করলেও ভবিষ্যতেও জনস্বার্থের বিভিন্ন ইস্যুতে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ