জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীসহ মোট ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটি এখন পূর্ণাঙ্গ বিচারিক কার্যক্রমে প্রবেশ করেছে।
মঙ্গলবার ট্রাইব্যুনাল অভিযোগপত্র ও উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠন করেন। আদালতের এ আদেশের ফলে এখন সাক্ষ্যগ্রহণ, জেরা এবং অন্যান্য বিচারিক প্রক্রিয়া শুরু হবে। এসব প্রক্রিয়া শেষে মামলার রায়ের বিষয়ে সিদ্ধান্ত দেবেন ট্রাইব্যুনাল।
মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে চট্টগ্রামে ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত হামলা ও সহিংসতার ঘটনায় ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ছয়জন নিহত হন। তদন্ত শেষে প্রসিকিউশন দাবি করে, ঘটনাটি মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে এবং এতে অভিযুক্তদের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সেই ভিত্তিতেই তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, পরিকল্পিত ও সমন্বিতভাবে পরিচালিত অভিযানে হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
আইনজীবীরা বলছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর এই আদেশ মামলার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এখন আদালতে সাক্ষীদের সাক্ষ্য, নথিপত্র ও অন্যান্য আলামত উপস্থাপনের মাধ্যমে অভিযোগ প্রমাণের চেষ্টা করবে প্রসিকিউশন। অপরদিকে আসামিপক্ষও নিজেদের পক্ষে আইনি যুক্তি ও সাক্ষ্য উপস্থাপনের সুযোগ পাবে। সবশেষে প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে ট্রাইব্যুনাল চূড়ান্ত রায় ঘোষণা করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন