রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদারে জুন মাসজুড়ে ব্যাপক অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মাসব্যাপী এসব অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২ হাজার ৩১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত ও বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ৭১ জন তালিকাভুক্ত সন্ত্রাসী নন, তবে বিভিন্ন মামলার আসামি। এছাড়া সন্ত্রাস, ডাকাতি, দস্যুতা ও ছিনতাইসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে ৭৯৭ জনকে এবং মাদক-সংক্রান্ত অপরাধে ১ হাজার ৪৪৬ জনকে আটক করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, অপরাধ দমনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশের দাবি, রাজধানীতে সন্ত্রাস, ছিনতাই, মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে। একই সঙ্গে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং অপরাধবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন