প্রগতি ডেস্ক: বাংলাদেশের ই-পাসপোর্টে আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। নতুন নকশার ই-পাসপোর্টে জুলাই গণ-অভ্যুত্থানের তিন আলোচিত শহীদ—আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে পাসপোর্টে পুনরায় যুক্ত করা হচ্ছে ‘This Passport is Valid for All Countries of the World Except Israel’ অর্থাৎ ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ’ বাক্যটি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন ই-পাসপোর্টের নিরাপত্তা বৈশিষ্ট্য উন্নত করার পাশাপাশি এতে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি তুলে ধরা হবে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই তিন শহীদের প্রতিকৃতি ওয়াটারমার্ক বা বিশেষ নিরাপত্তা নকশায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে দীর্ঘদিন পর বাংলাদেশি পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ লেখা। ২০২১ সালে ই-পাসপোর্ট থেকে এই বাক্যটি বাদ দেওয়া হলেও তখন সরকার স্পষ্ট করেছিল, এটি কেবল নকশাগত পরিবর্তন। ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নকশার পাসপোর্টে প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক কাজ শেষ হওয়ার পর ধাপে ধাপে এটি চালু করা হবে। একই সঙ্গে পাসপোর্টের নিরাপত্তা ব্যবস্থাও আরও আধুনিক করা হচ্ছে, যাতে জালিয়াতির ঝুঁকি কমে।
সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নতুন এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হবে, অন্যদিকে বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির প্রতিফলনও পাসপোর্টে পুনরায় দৃশ্যমান হবে। তবে নতুন নকশার ই-পাসপোর্ট কবে থেকে নাগরিকদের মধ্যে বিতরণ শুরু হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তারিখ ঘোষণা করা হয়নি। প্রয়োজনীয় অনুমোদন ও প্রস্তুতি শেষ হওয়ার পরই নতুন পাসপোর্ট ইস্যু শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

একটি মন্তব্য পোস্ট করুন