জামালপুরে র‍্যাব-১৪ এর উদ্যোগে মাদকবিরোধী টাউন হল সভা অনুষ্ঠিত।

টাউন হল সভা র‍্যাব ১৪

 জামালপুর প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে জামালপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪ এর উদ্যোগে এক মাদকবিরোধী টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) জামালপুরের মেলান্দহ উপজেলার উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন 'মেলান্দহ উপজেলা বিএনপি' এর সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবীর মঞ্জু ও বিএনপি নেতা 'বিআরডিবি  চেয়ারম্যান' আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার ও অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত সভায়,  বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগন সহ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় র‍্যাব-১৪ এর কর্মকর্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। বিশেষ করে কিশোর ও তরুণদের লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাদকের কুফল সম্পর্কে সচেতন থাকতে হবে এবং কোনো প্রকার প্রলোভনে পা দেওয়া যাবে না। একই সঙ্গে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষার মাধ্যমে তরুণদের সুস্থ জীবনধারায় অভ্যস্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। র‍্যাব কর্মকর্তারা আরও জানান, সরকারের 'জিরো টলারেন্স' নীতির আলোকে মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী কিংবা মাদক সংক্রান্ত যেকোনো তথ্য গোপনীয়তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে উপস্থিত সবার প্রতি আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা এমন সচেতনতামূলক আয়োজনকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও বিদ্যালয়ের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শেষপর্বে মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয় এবং উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষকে মাদক প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ