ডেস্ক রিপোর্ট: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষায় অংশ নেওয়া ৪৬ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে মামলার ১৫১ জন রিট আবেদনকারীকে ৬০ দিনের মধ্যে নিয়োগ দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত। আদালতের রায়ে বলা হয়েছে, পূর্বে প্রকাশিত ফলাফলে কোটা নীতির প্রয়োগ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা বিবেচনায় নিয়ে নতুন করে মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশ করতে হবে। এ নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের লিখিত পরীক্ষায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী অংশ নেন। ফল প্রকাশের পর কোটা নীতির বিষয়ে অসন্তুষ্ট কয়েকজন প্রার্থী আদালতে রিট করেন। পরে বিষয়টি হাইকোর্ট হয়ে আপিল বিভাগে গড়ায়।আপিল বিভাগ শুনানি শেষে রায়ে জানান, বর্তমানে কার্যকর নীতিমালা অনুসরণ করে এবং সম্পূর্ণ মেধাক্রমের ভিত্তিতে নতুন ফলাফল প্রকাশ করতে হবে। পাশাপাশি রিটকারী ১৫১ জন প্রার্থীকে ৬০ দিনের মধ্যে নিয়োগ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের এই রায়ের ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া আবারও এগিয়ে যাবে বলে আশা করছেন চাকরিপ্রার্থীরা। এখন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আদালতের নির্দেশনা অনুযায়ী নতুন ফলাফল প্রকাশের প্রস্তুতি নেবে। পুনঃপ্রকাশিত ফলাফলের ভিত্তিতেই পরবর্তী মৌখিক পরীক্ষা ও চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে। দীর্ঘদিন ধরে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে অপেক্ষায় থাকা হাজারো পরীক্ষার্থীর মধ্যে আদালতের এ রায় নতুন আশার সঞ্চার করেছে। তবে নতুন ফলাফল কবে প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো তারিখ জানানো হয়নি।

0 মন্তব্যসমূহ