আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম ভাঙিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৬

ডিবির কাছে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট :  অনলাইনে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশন ও ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহর নাম ব্যবহার করে প্রতারণা চালানো একটি সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পুলিশ জানিয়েছে, প্রতারক চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং স্পন্সরড বিজ্ঞাপন তৈরি করে আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর ছবি, নাম এবং পরিচিতি ব্যবহার করত। এরপর সাধারণ মানুষকে অল্প সময়ে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে বিভিন্ন অঙ্কের টাকা বিনিয়োগে উদ্বুদ্ধ করা হতো।

তদন্তে জানা গেছে, ভুক্তভোগীদের কাছ থেকে মোবাইল ব্যাংকিং ও বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হতো। টাকা জমা দেওয়ার পর অনেক ক্ষেত্রেই প্রতিশ্রুত মুনাফা তো দূরের কথা, মূল টাকাও ফেরত পেতেন না বিনিয়োগকারীরা। এভাবে অসংখ্য মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে চক্রটির বিরুদ্ধে।

ডিবি পুলিশ বাড্ডা থানায় দায়ের হওয়া সাইবার সংশ্লিষ্ট একটি মামলার তদন্ত করতে গিয়ে চক্রটির অবস্থান শনাক্ত করে। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন, সিম কার্ড, ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য ও ডিজিটাল আলামত জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ভুয়া বিনিয়োগ প্রকল্প পরিচালনার কথা স্বীকার করেছেন। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং প্রতারণার মাধ্যমে কত টাকা আত্মসাৎ করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে আস-সুন্নাহ ফাউন্ডেশনও এর আগে একাধিকবার সতর্ক করে জানিয়েছে, তাদের নামে কোনো বিনিয়োগ প্রকল্প পরিচালিত হয় না। প্রতিষ্ঠানটির নাম, লোগো বা শায়খ আহমাদুল্লাহর পরিচয় ব্যবহার করে কেউ অর্থ বিনিয়োগের আহ্বান জানালে তা সম্পূর্ণ প্রতারণা। এমন কোনো প্রস্তাব পেলে সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।


0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন