ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্পিকার আগামী ৩ জুলাই ঢাকা থেকে তেহরানের উদ্দেশে রওনা হতে পারেন। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে তিনি এই রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন।
জানা গেছে, আগামী ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও মাশহাদে খামেনির জানাজা, দাফন এবং সংশ্লিষ্ট রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও রাষ্ট্রীয় ব্যক্তিত্বদের অংশ নেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দেশের প্রতিনিধিত্ব করবেন। এছাড়া জাতীয় সংসদের কয়েকজন সদস্যও ব্যক্তিগত উদ্যোগে ইরানে গিয়ে জানাজা অনুষ্ঠানে অংশ নিতে পারেন বলে জানা গেছে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এ সফর বাংলাদেশ ও ইরানের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে তাৎপর্য বহন করে। সফরকালে স্পিকারের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ইরানজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে। তার জানাজা ও দাফনকে কেন্দ্র করে দেশটির সরকার ব্যাপক রাষ্ট্রীয় আয়োজন গ্রহণ করেছে এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন