প্রগতি বার্তা
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

পাবনার বেড়ায় সংঘর্ষের পর ওসি প্রত্যাহার, নতুন দায়িত্বে গোলাম মোস্তফা।

পাবনার বেড়ায় রাজনৈতিক সংঘর্ষের পর বেড়া মডেল থানার ওসি পরিবর্তন এবং নতুন ওসি হিসেবে গোলাম মোস্তফার দায়িত্ব গ্রহণ।

 

পাবনা প্রতিনিধিঃ

পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে টানা কয়েক দিন ধরে চলা সংঘর্ষ, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) গোলাম মোস্তফাকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এ-সংক্রান্ত আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে বেড়া পৌর এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল এবং বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের পাল্টা কর্মসূচিকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকে পৌর এলাকার কয়েকটি মহল্লায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এ সময় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর জের ধরে গত দুই দিনে পায়না, হাতিগাড়া, বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ কয়েকটি এলাকায় দুই পক্ষের সমর্থকদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে বেড়া পৌর এলাকার স্যানালপাড়া ও বৃশালিখা মহল্লায় নতুন করে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া চলে বিকেল পর্যন্ত। একপর্যায়ে সংঘর্ষ আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে আহতদের সঠিক সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। গুরুতর আহত জিসান (১৫) নামের এক কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এদিকে সংঘর্ষের পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ দেখা দেয়। শনিবার সকালে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে বেড়া থানার ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে স্থানীয়দের একাংশ পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় সংঘর্ষের ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে এক সংবাদকর্মী লাঞ্ছিত হন এবং তাঁর ক্যামেরা ভাঙচুর করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, প্রশাসনিক কারণে ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর পরিবর্তে পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফাকে বেড়া থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সংঘর্ষের ঘটনায় তখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি এবং কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।

টানা কয়েক দিনের সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বেড়া পৌর এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক