প্রগতি বার্তা
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর হাতের ভেতরে কাঁচ রেখেই সেলাই, ৩৫ দিন পর অস্ত্রোপচারে অপসারণ।

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর হাতের ক্ষতস্থানে কাঁচ রেখেই সেলাই দেওয়ার অভিযোগ

প্রগতিবার্তা।

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগীর হাতের ক্ষতস্থানে কাঁচের টুকরো রেখেই সেলাই দেওয়ার অভিযোগ উঠেছে। এতে এক মাসের বেশি সময় ধরে যন্ত্রণায় ভুগতে হয়েছে ওই রোগীকে। পরে অন্য একটি ক্লিনিকে এক্স-রে পরীক্ষার মাধ্যমে হাতের ভেতরে কাঁচের দুটি টুকরোর অস্তিত্ব শনাক্ত হয়। ঘটনার ৩৫ দিন পর অস্ত্রোপচারের মাধ্যমে সেগুলো অপসারণ করা হয়েছে।

এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগের বিষয়ে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম।

ভুক্তভোগী সাইদার মিয়া উপজেলার মজিদের পাড় এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন অটোরিকশাচালক। গত ২৫ সেপ্টেম্বর বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় স্ত্রী ও সন্তানকে রক্ষা করতে গিয়ে বিদ্যুতের সংযোগ বন্ধ করার চেষ্টা করেন সাইদার। একপর্যায়ে ঘরের আলমারির কাচে আঘাত লেগে তাঁর বাম হাত গুরুতরভাবে কেটে যায়। এতে হাতের ভেতরে কাঁচের টুকরো ঢুকে পড়ে।

পরে স্বজনরা তাঁকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সাইদার মিয়ার অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর শয্যা বা জায়গা খালি না থাকার কথা জানিয়ে তাঁকে ভর্তি করা হয়নি। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাতের ভেতরে কাঁচের টুকরো থাকা অবস্থাতেই ক্ষতস্থানে সেলাই দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

এরপর দীর্ঘদিন ধরে বাম হাতের ব্যথা ও যন্ত্রণা নিয়ে দিন কাটাতে হয় তাঁকে। ক্ষতস্থান স্বাভাবিক না হওয়ায় এবং শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় পরবর্তী সময়ে তিনি কুড়িগ্রামের সেবা ক্লিনিকে চিকিৎসা নিতে যান। সেখানে চিকিৎসক ডা. মৃণাল কান্তি রায়ের পরামর্শে এক্স-রে করা হলে হাতের ভেতরে কাঁচের দুটি টুকরো থাকার বিষয়টি ধরা পড়ে।

পরে গত ৩০ অক্টোবর অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর হাতের ভেতর থেকে কাঁচের টুকরো দুটি বের করা হয়। দুর্ঘটনার দিন থেকে অস্ত্রোপচার পর্যন্ত প্রায় ৩৫ দিন কাঁচের টুকরো নিয়েই থাকতে হয়েছে তাঁকে।

এ বিষয়ে সাইদার মিয়া অভিযোগ করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যাওয়ার পর ঘরের কাচে তাঁর হাত কেটে যায়। স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও প্রয়োজনীয় চিকিৎসা পাননি। হাতের ভেতরে কাঁচ রেখেই তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে দীর্ঘদিন যন্ত্রণা ভোগ করার পর অন্য জায়গায় পরীক্ষা করিয়ে কাঁচের অস্তিত্ব জানতে পারেন। অস্ত্রোপচারের মাধ্যমে সেগুলো অপসারণ করা হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি চিকিৎসার অবহেলার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নেওয়ার দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, ‘ওটা ভুলবশত হয়ে গেছে। এজন্য সরি ভাই। রোগীকে বলেন চিকিৎসা করাতে। আমি এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।’

ঘটনাটি সামনে আসার পর স্থানীয়ভাবে সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাসেবার মান ও দায়িত্বশীলতা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে জরুরি অবস্থায় আসা রোগীর ক্ষতস্থান যথাযথভাবে পরীক্ষা করা এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়টি নতুন করে সামনে এসেছে।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা প্রয়োজন। একই সঙ্গে রোগীর চিকিৎসায় কোনো ধরনের অবহেলা হয়ে থাকলে তার দায় নির্ধারণ এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক