স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা খাবার খেয়ে লহলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ে টিফিনের খাবার খাওয়ার পর শিক্ষার্থীদের পেটব্যথা ও বমি শুরু হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে স্কুল ফিডিং কর্মসূচির খাবার শিক্ষার্থীদের মধ্যে সরবরাহ করা হয়। খাবার খাওয়ার কিছু সময় পর কয়েকজন শিক্ষার্থী অসুস্থ বোধ করতে শুরু করে। তাদের মধ্যে ১২ জনের পেটব্যথা ও বমির উপসর্গ দেখা দিলে বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর অসুস্থ শিক্ষার্থীদের শারীরিক অবস্থার উন্নতি হয়। বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছে এবং নিজ নিজ বাড়িতে ফিরে গেছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা শেষে সব শিশুই এখন সুস্থ রয়েছে। তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছে। তবে কী কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে, তা নিশ্চিত হতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
তিনি বলেন, ঘটনাটি খতিয়ে দেখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। সরবরাহকৃত খাবারের গুণগত মান পরীক্ষা এবং শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ অনুসন্ধানে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসনের অফিস আদেশ অনুযায়ী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)কে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্মকর্তা এবং জেলা স্যানিটারি পরিদর্শক।
তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে সরবরাহ করা খাবারের গুণগত মান যাচাই, শিক্ষার্থীদের অসুস্থতার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এ ঘটনায় দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠান চিহ্নিত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, চলতি বছর চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এর আগে জেলার অন্যান্য বিদ্যালয়েও এমন ঘটনায় খাবারের মান ও সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছিল।
লহলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সর্বশেষ ঘটনায় তদন্ত প্রতিবেদন পাওয়ার পর শিক্ষার্থীরা ঠিক কী কারণে অসুস্থ হয়েছিল এবং খাবারের মান নিয়ে কোনো অনিয়ম ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন