সাতক্ষীরায় শামীম হত্যা: প্রধান আসামি ফজলুল হক আমিনি গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও এসআরবির সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ অক্টোবর ওয়াহিদুজ্জামান শামীমকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁর ও স্ত্রীর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো বক্তব্য রয়েছে বলে অভিযোগ ওঠে।
অভিযোগকে কেন্দ্র করে শামীমের ওপর হামলার ঘটনা ঘটে। পরিবারের বক্তব্য অনুযায়ী, ঘটনার দিন তিনি অসুস্থ হয়ে পড়ার পর স্থানীয় এক পল্লিচিকিৎসকের চেম্বারে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেও তাঁর ওপর হামলা হয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কিন্তু রাতের দিকে সেখানে আবারও একদল লোক হামলা চালায় বলে মামলার বিবরণ ও সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে শামীমকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শামীম হত্যার ঘটনায় তাঁর বড় ভাই আবদুল জলিল বাদী হয়ে গত ১৫ অক্টোবর রাতে দেবহাটা থানায় হত্যা মামলা করেন। মামলায় ফজলুল হক আমিনিকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে এ মামলায় মোক্তার হোসেন ও আসাদুল ইসলাম নামের দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। ঘটনার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্য ও ছড়িয়ে পড়া ভিডিও-অডিও নিয়ে তদন্ত করছে পুলিশ। অভিযোগ রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্যের মাধ্যমে লোকজনকে জড়ো করা হয়েছিল। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।
প্রধান আসামি ফজলুল হক আমিনিকে গ্রেফতারের পর মামলার তদন্তে নতুন অগ্রগতি এসেছে। হত্যাকাণ্ডে কার কী ভূমিকা ছিল এবং ঘটনার সঙ্গে আরও কারা জড়িত, তা তদন্ত শেষে স্পষ্ট হবে।
ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে কাউকে আইন নিজের হাতে তুলে নিয়ে হত্যা করার কোনো বৈধতা নেই। মামলার আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হবে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে।

একটি মন্তব্য পোস্ট করুন