নিজস্ব প্রতিবেদকঃ ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার পর এক যুবককে মিশর হয়ে লিবিয়ায় পাচার, সেখানে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন এবং মুক্তিপণ দাবির অভিযোগে মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) বিকেল ৫টার দিকে রাজধানীর বিমানবন্দর থানাধীন আশকোনা হাজি ক্যাম্পের সিভিল এভিয়েশন ওয়েলফেয়ার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—মো. আতিকুর রহমান টমাস (৩২) এবং মো. বদিউল আলম ভূঁইয়া ওরফে বেলাল (৫৪)। সিআইডি জানিয়েছে, তারা মামলাটির এজাহারনামীয় আসামি।
সিআইডি সূত্রে জানা যায়, নোয়াখালীর সেনবাগের বাসিন্দা ওই যুবক প্রায় তিন বছর সৌদি আরবে কর্মরত ছিলেন। দেশে ফেরার সময় বিমানে এক সহযাত্রীর সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই ব্যক্তির মাধ্যমে তিনি মানবপাচার চক্রের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। পরে চক্রের সদস্যরা তাঁকে লিবিয়া হয়ে নিরাপদে ইতালি পাঠানোর প্রলোভন দেখায়।
ইতালি পাঠানোর জন্য তাঁর সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি করা হয়। চুক্তি অনুযায়ী, গত ৫ এপ্রিল ২০২৬ তিনি ঢাকার আশকোনার একটি অফিসে পাসপোর্ট জমা দেন এবং অগ্রিম হিসেবে ১ লাখ ৩০ হাজার টাকা দেন।
এরপর ৭ এপ্রিল তাঁকে প্রথমে ভারতের নয়াদিল্লি এবং সেখান থেকে শ্রীলঙ্কার কলম্বোতে পাঠানো হয়। সেখানে প্রায় ১৬ দিন অবস্থানের পর বিভিন্ন অজুহাতে তাঁর পরিবারের কাছ থেকে ধাপে ধাপে আরও অর্থ নেওয়া হয়। পরে তাঁকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ হয়ে মিশরের কায়রোতে পাঠানো হয়।
অভিযোগ রয়েছে, কায়রো বিমানবন্দর থেকে চক্রের এক সদস্য ওই যুবককে একটি বাসায় নিয়ে প্রায় পাঁচ দিন আটকে রাখে। পরে আগের চুক্তির কথা উল্লেখ করে তাঁর কাছে আরও ৬ হাজার মার্কিন ডলার দাবি করা হয়। এ সময় নগদ টাকা, বিকাশ ও ব্যাংক হিসাবের মাধ্যমে ভুক্তভোগী ও তাঁর পরিবারের কাছ থেকে মোট প্রায় ১২ লাখ ৬৭ হাজার টাকা নেওয়া হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে তাঁকে মিশর থেকে গাড়িযোগে দুর্গম মরুভূমি ও পাহাড়ি সীমান্ত এলাকা পেরিয়ে লিবিয়ায় নেওয়া হয়। সেখানে চক্রের সহযোগী হিসেবে পরিচিত এক ব্যক্তি তাঁকে একটি কথিত ‘গেম রুমে’ আটকে রাখে। অভিযোগ অনুযায়ী, সেখানে তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়।
একপর্যায়ে লিবিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে সেখানে আটক অন্যদের সঙ্গে ওই যুবককেও আটক করে কারাগারে পাঠায়। পরে তাঁকে মুক্ত করার কথা বলে তাঁর পরিবারের কাছে আরও ৬ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সিআইডির তথ্য অনুযায়ী, পরবর্তীতে লিবিয়া পুলিশ তাঁকে আটক করে বাংলাদেশে ফেরত পাঠায়। দেশে ফিরে তিনি নিজেই বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন।
মামলায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটির তদন্তভার গ্রহণের পর সিআইডি বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই-বাছাই এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে।
এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে আশকোনা এলাকায় অভিযান চালিয়ে মো. আতিকুর রহমান টমাস ও মো. বদিউল আলম ভূঁইয়া ওরফে বেলালকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুজনকে জিজ্ঞাসাবাদের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সিআইডি।

একটি মন্তব্য পোস্ট করুন