প্রগতি বার্তা
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

মোটরসাইকেলের সামনেও ম্যানুয়াল নম্বরপ্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ।

মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট বাধ্যতামূলক করেছে বিআরটিএ

 

মোটরসাইকেলের সামনেও ম্যানুয়াল নম্বরপ্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

প্রগতি বার্তা | নিজস্ব প্রতিবেদক

দেশের সব মোটরসাইকেলের সামনের অংশেও ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ জন্য আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট সংযোজন না করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিআরটিএর জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডি প্রযুক্তিসংবলিত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে। তবে ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি আরও জোরদার করতে এখন থেকে মোটরসাইকেলের সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শন করতে হবে।

প্রাথমিকভাবে মোটরসাইকেলের মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ ও নিয়ম অনুসরণ করে সামনের নম্বরপ্লেট তৈরি ও সংযোজন করতে হবে।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটার মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার।

উভয় ধরনের নম্বরপ্লেটের অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

নির্দেশনা অনুযায়ী, সামনের নম্বরপ্লেট স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। প্লেটের পটভূমি থাকবে সাদা এবং এর ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে।

নম্বরপ্লেটে কোনো ধরনের অতিরিক্ত নকশা, স্লোগান বা শোভাবর্ধক উপাদান ব্যবহার করা যাবে না। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন নম্বর এক লাইনে অনুভূমিকভাবে প্রদর্শন করা যাবে।

বিআরটিএ দেশের সব মোটরসাইকেল মালিককে আগামী ১৫ নভেম্বর ২০২৬-এর মধ্যে নির্ধারিত নিয়ম অনুসরণ করে সামনের নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের ব্যবস্থা নিতে বলেছে।

নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে গণবিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

নতুন এই নির্দেশনার ফলে মোটরসাইকেলের পেছনের নম্বরপ্লেটের পাশাপাশি সামনের দিকেও নিবন্ধন নম্বর দৃশ্যমান থাকবে। এর মাধ্যমে সড়কে যানবাহন শনাক্তকরণ ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদার করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক