প্রগতি বার্তা
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

১৫ ঘণ্টা পর সেই দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

 কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে প্রায় ১৫ ঘণ্টা পর ফেরত আনা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাঁদের হস্তান্তর করা হয়।

ফেরত আসা দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। শুক্রবার দুপুরে তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে বিজিবি তাঁদের বাংলাদেশ পুলিশের কাছে বুঝিয়ে দেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ওই সময় দুই পুলিশ সদস্য মাদকবিরোধী অভিযানে ছিলেন। এক সন্দেহভাজন মাদক কারবারি পালানোর চেষ্টা করলে কনস্টেবল রোহিত দেওয়ান তাঁকে ধাওয়া করেন। এ সময় তিনি সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পরে স্থানীয় কয়েকজন তাঁকে আটক করেন। সহকর্মীকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরান হোসেনও আটক হন। পরে দুজনকে বিএসএফের হেফাজতে নেওয়া হয়।

ঘটনার পর দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু হয়।

শুক্রবার সকালে বিজিবি সদর দপ্তরে এক ব্রিফিংয়ে বিজিবির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, আটক দুই পুলিশ সদস্য সুস্থ আছেন। তাঁদের ফিরিয়ে আনতে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তের ২০৫৯ নম্বর পিলারের কাছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর বিএসএফ দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে দুপুর ১টা ৪২ মিনিটে বিজিবি তাঁদের বাংলাদেশ পুলিশের কাছে বুঝিয়ে দেয়।

প্রায় ১৫ ঘণ্টা পর দুই পুলিশ সদস্য দেশে ফিরে আসায় তাঁদের আটক থাকার ঘটনার অবসান ঘটে।

 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক