ডেস্ক রিপোর্টঃ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত নেওয়ার দ্বিতীয় দিনে ৭ হাজার ৮৯৬ জন গ্রাহক ৩২৭ কোটি টাকা তুলেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গ্রাহকেরা এসব অর্থ উত্তোলন করেন। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংক সূত্র জানায়, দ্বিতীয় দিনে আমানত উত্তোলনের পরিমাণ প্রথম দিনের তুলনায় কিছুটা বেশি। সোমবার (৭ সেপ্টেম্বর) আমানত ফেরত দেওয়ার প্রথম দিনে ৫ হাজার ৫৩২ জন গ্রাহক ২৫৪ কোটি টাকা উত্তোলন করেছিলেন। ফলে দুই দিনে মোট ১৩ হাজার ৪২৮ জন গ্রাহক ৫৮১ কোটি টাকা তুলে নিয়েছেন।
তবে ব্যাংক কর্মকর্তারা বলছেন, প্রত্যাশার তুলনায় আমানত উত্তোলনের পরিমাণ এখনো অনেক কম। একই সঙ্গে কিছু গ্রাহক টাকা উত্তোলনের পাশাপাশি ব্যাংকে নতুন করে আমানতও রাখছেন। এটিকে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ফেরার ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছে কর্তৃপক্ষ।
সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক—এই পাঁচটি ব্যাংক একীভূত করে। পাঁচ ব্যাংকের মোট শাখা রয়েছে ৭৬১টি।
ব্যাংকটির তথ্য অনুযায়ী, আমানত ফেরত নিতে প্রায় ৭৪ হাজার ২২১টি আবেদন জমা পড়েছিল। এসব আবেদনের বিপরীতে মোট ৩ হাজার ৯২৫ কোটি টাকা ফেরত চাওয়া হয়। আমানতকারীদের অর্থ ফেরত দিতে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে।
এদিকে গত ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের জন্য অনলাইনে অর্থ স্থানান্তর কার্যক্রমও চালু হয়েছে। দীর্ঘদিন সমস্যার মধ্যে থাকা ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ধীরে ধীরে ফিরতে শুরু করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন